


মাদ্রিদ: বিশ্বকাপ বাছাই পর্বে স্পেনের দুরন্ত ফর্ম অব্যাহত। প্রথম ম্যাচে বালগেরিয়াকে তিন গোলে বশ মানায় লুইস ডে লা ফুয়েন্তের ছেলেরা। এবার রবিবার অ্যাওয়ে ম্যাচে তুরস্ককে ছয় গোলের মালা পরাল তারা। দুরন্ত হ্যাটট্রিক মিকেল মেরিনোর। জোড়া গোল পেড্রির। ম্যাচে অপর গোলদাতা ফেরান তোরেস। এই জয়ের সুবাদে দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ই’তে শীর্ষস্থান ধরে রাখল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
রবিবার বড় ব্যবধানে জিতল বেলজিয়ামও। ঘরের মাঠে কাজাখস্তানকে ছয় গোলের মালা পরাল তারা। জোড়া গোল কেভিন ডি ব্রুইন ও জেরেমি ডোকুর। এছাড়া স্কোরশিটে নাম তোলেন নিকোলাস রাসকিন ও টমাস মুনিয়ের। উল্লেখ্য, বাছাই পর্বে পরপর দু’টি ম্যাচে প্রতিপক্ষকে হাফ ডজন গোলের মালা পরাল রুডি গার্সিয়ার ছেলেরা। দিনের অপর ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারাল জার্মানি। গত ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে হার দিয়ে বাছাই পর্বের অভিযান শুরু করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ায় জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা। রবিবার জার্মানদের হয়ে জাল কাঁপান যথাক্রমে সার্গে নাব্রি, নাদিম আমিরি ও ফ্লোরিয়ান রির্টজ। অ্যাওয়ে ম্যাচে জয় পেল নেদারল্যান্ডস। ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা লিথুয়ানিয়াকে ৩-২ গোলে হারাল তারা। জোড়া গোলে ম্যাচের নায়ক মেম্ফিস ডিপে। এছাড়া ডাচদের হয়ে জাল কাঁপান কুইন্টেন টিম্বার।
এদিকে, আর্মেনিয়ার বিরুদ্ধে বড় জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান শুরু করেছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোলে আরও একবার দলকে টানেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার অবশ্য তাঁদের সামনে কঠিন লড়াই। অ্যাওয়ে ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল। অতীতে দু’দলের মুখোমুখি সাক্ষাতে অবশ্য ছয়বারের মধ্যে পাঁচবার জয় পেয়েছে পর্তুগিজরা। মঙ্গলবার আরও একবার পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য রবার্তো মার্তিনেজ ব্রিগেডের। মঙ্গলবার মাঠে নামছে ফ্রান্সও। ঘরের মাঠে দেশঁ ব্রিগেডের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।