শ্যামল সেন, হলদিয়া: শনিবার নবান্নে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মিটিংয়ে হলদিয়ায় বন্ধ হয়ে যাওয়া রেল কোচ ফ্যাক্টরি ফের খোলার দাবি জানালেন বিধায়ক প্রদীপ বিজলি। একইসঙ্গে হলদিয়া-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস সহ একাধিক ট্রেন চালানোর দাবি জানান তিনি। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রেলমন্ত্রী এরাজ্যের বিধায়কদের নিয়ে রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সমম্বয় সভা করেন। ওই সভায় রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক ও রেলের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
ওই সভায় হলদিয়া থেকে নতুন পাঁচটি ট্রেন চালু করার দাবি জানান স্থানীয় বিধায়ক প্রদীপবাবু। তিনি হলদিয়া-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস চালানোর প্রস্তাব দিয়েছেন। ওই ট্রেনটি সপ্তাহের যে কোনো দিন রাত সাড়ে ৯টা নাগাদ হলদিয়া স্টেশন ছাড়বে। সকাল ৬টায় পুরীতে পৌঁছাবে। এছাড়া সপ্তাহে দু›দিন হলদিয়া-মায়াপুর এক্সপ্রেস, হলদিয়া-পুরুলিয়া এক্সপ্রেস, হলদিয়া-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস, হলদিয়া-ডানকুনি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালু করার প্রস্তাব দিয়েছেন বিধায়ক। নিত্যযাত্রীদের কথা ভেবে হলদিয়া-হাওড়া সুপারফাস্ট ট্রেন প্রতিদিন সকাল ৭টায় হলদিয়া থেকে এবং হাওড়া থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। শিল্প শহরের সঙ্গে মেট্রো সিটির দ্রুত যোগাযোগের দাবি দীর্ঘদিনের। হলদিয়া-হাওড়া দু›টি লোকাল ট্রেন সকালে থাকলেও গত এক দেড় বছর ধরে তা দেরি করে হাওড়ায় ঢুকছে। একইভাবে হলদিয়া আসছে দেরিতে। ফলে অফিসযাত্রী, কারখানার শ্রমিক ও পড়ুয়ারা বিপাকে পড়ছেন। বাস ভাড়া বেড়ে যাওয়ায় সমস্যা বাড়ছে। লোকাল ট্রেন দেরিতে যাতায়াত করায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী সহ সকলেই।
একসময় হলদিয়া থেকে দিল্লি ও চেন্নাই সাপ্তাহিক এক্সপ্রেস চলত। দিল্লির আনন্দ বিহার এক্সপ্রেস চালু থাকলেও চেন্নাইগামী সংগ্রামী এক্সপ্রেস কোভিডের সময় থেকে বন্ধ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ওই ট্রেন চালু হয়েছিল। ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি তিনিই হলদিয়ায় কোচ ফ্যাক্টরির শিলান্যাস করেছিলেন। ওখানে গড়ে উঠে কোচ ফ্যাক্টরি। রেল বিকাশ নিগম ওই প্রকল্পের দায়িত্বে ছিল। বছরে ১০০টি ডিজেল চালিত লোকোমোটিভের লাক্সারি কোচ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে কারখানা চালু হয় ২০১৫ সালে। শুরুতেই ৮টি কোচের একটি রেক যাত্রা শুরু করে। কোচ তৈরি এবং কোচ মেন্টেন্যান্সের জন্য ওই কারখানা শুরু হয়। করোনার পর পরই কারখানাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই কোচ ফ্যাক্টরিই ফের চালুর আর্জি জানিয়েছেন হলদিয়ার বিধায়ক।-নিজস্ব চিত্র