Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়া অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা, এলাকার পরিদশর্নে ‘পেসোর’ বিশেষজ্ঞরা

হলদিয়ার অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দিলেন জেলাশাসক। বিশেষজ্ঞরা আগুনের কারণ খুঁজছেন। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা। বিস্তারিত পড়ুন।

হলদিয়া অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা, এলাকার পরিদশর্নে ‘পেসোর’ বিশেষজ্ঞরা
  • ৩ জুলাই, ২০২৬ ২০:৪১
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার অগ্নিকাণ্ড নিয়ে শুক্রবার সন্ধ্যায় বিশেষ তদন্তকারী টিম ও শিল্প সংস্থার প্রতিনিধিদের নিয়ে হলদিয়ার এসডিও অফিসে গুরুত্বপূর্ণ মিটিং করেন জেলাশাসক নিরঞ্জন কুমার। এদিন প্রায় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হলদিয়া এসডিও অফিসে পৌঁছন তিনি। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুরভি সিংলাও। এদিন ওই মিটিংয়েই জেলাশাসককে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন মহকুমা শাসক। পাশাপাশি এদিন হলদিয়া এসে পৌঁছেছে পেট্রলিয়াম এন্ড এক্সপ্লোসিভ সেফটি অরগানাইজেশানের একটি বিশেষজ্ঞ টিম। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর ওই বিশেষজ্ঞ টিম অগ্নিদগ্ধ এলাকায় তদন্ত চালিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। হলদিয়া অগ্নিকাণ্ডে রাজ্যের বিশেষ তদন্তকারী টিম সিট, পেট্রকেম ও আইপিপিএলের দুটি টিম আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত করেছেন। এদিন ওই তদন্তের নথিপত্র পেসোকে দেওয়া হয়েছে। কারণ পেসো পেট্রলিয়াম জাত পণ্যের বিস্ফোরণের ঘটনার তদন্তে দেশের বিশেষজ্ঞ সংস্থা। 

Advertisement

জানা গিয়েছে, ওইদিন ভোররাতে যে আগুন দেখা গিয়েছিল, সেই অগ্নিশিখার ধরন বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা আগুনের ফ্লেম দেখে কী ধরনের দাহ্য পদার্থের আগুন ছিল তা বিচার করছেন। প্রাথমিকভাবে ন্যাপথা পাইপলাইন লিকেজ থেকে আগুন ছড়িয়েছিল বলে মনে করা হয়েছিল। তবে আগুন নেভার পর তদন্ত এগোতেই অন্য দাহ্য পদার্থের উপস্থিতি ছিল বলে মনে করা হচ্ছে। ওইদিন ন্যাপথা না বিউটেন কোন দাহ্য পদার্থে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে। তবে এদিনও ওই এলাকায় এলপিজি গ্যাস লিকেজের খবর মিলেছে। সেজন্য ওই পাইপলাইনে জলের ফোয়ারা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকার ন্যাপথা ও গ্যাস পাইপ লাইনে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। ফলে কারখানাগুলিতে কাঁচামাল, ন্যাপথা বা এলপিজি সরবরাহ হচ্ছে না। একই সঙ্গে কারখানার উৎপাদিত পণ্যও পাইপলাইনে বন্দরে জাহাজে লোডিং করা যাচ্ছে না। ফলে কারখানাগুলিতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ