সংবাদদাতা, আলিপুরদুয়ার: কোনো টাইগার রিজার্ভের কোর এলাকা থেকে জিপসি সাফারি করার নিয়ম নেই। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) স্পষ্ট নির্দেশ, টাইগার রিজার্ভের কোর এলাকা থেকে সাফারি করা যাবে না। সেই নির্দেশ মতো বুধবার বনদপ্তর সাফ জানিয়ে দিয়েছে বক্সার কোর এলাকা জয়ন্তী থেকে সাফারি চালু করা যাবে না।
রাজাভাতখাওয়া বাফার জোন এলাকা থেকে শুরু করে কোর এলাকায় ঘুরে ফের রাজাভাতখাওয়ায় এসে সাফারি শেষ করতে হবে। সেই কারণে গত ১৬ সেপ্টেম্বর জঙ্গল খোলার দিন থেকে এনটিসিএ’র নির্দেশে বনদপ্তর জয়ন্তী থেকে জিপসি সাফারি বন্ধ করে দিয়েছে। ওই দিন থেকে জয়ন্তীতে সাফারির টিকিট কাউন্টারও বনদপ্তর বন্ধ করে দিয়েছে। বনদপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, আমাদের পক্ষে এনটিসিএ’র এই নির্দেশ অমান্য করা একেবারেই সম্ভব নয়। তবে ডে ভিজিটে পর্যটকরা বক্সার জঙ্গলে ঘোরার জন্য ১২ ঘণ্টা হাতে সময় পাবেন। রাজাভাতখাওয়ায় বনদপ্তরের গেটে ভোর ৫টায় টিকিট কেটে সন্ধ্যা ৫টার মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে পর্যটকদের। সব মিলিয়ে গত সোমবার জয়ন্তীর সাফারি মালিকদের সঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মার যে ম্যারাথন বৈঠক হয়েছিল তা বিফলে গেল।
বনদপ্তরের এই নির্দেশে জয়ন্তীর জিপসি মালিক, চালক ও গাইডরা অনেকটাই বিপাকে পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জয়ন্তী গ্রামসভার সভাপতি লালন মাহাত বলেন, জঙ্গল খুলেছে। পর্যটকরা আসতেও শুরু করেছেন। এখন বনদপ্তরের এই ফতোয়ায় আমাদের তো বিপাকে পড়তে হল।