নয়াদিল্লি: তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। এহেন পরিস্থিতিতে দু’দিনের ছত্তিশগড় সফর স্থগিত রাখলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ৭ ও ৮ অক্টোবর ওই সফর হওয়ার কথা ছিল। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর জানিয়েছে, ‘অনিবার্য কারণে’ জ্ঞানেশের সফর স্থগিত রাখা হচ্ছে। নতুন দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। প্রশাসন সূত্রের খবর, দান্তেওয়াড়ার দন্তেস্বরী মাতার মন্দিরে যেতেন জ্ঞানেশ। বস্তারের চিত্রকুট জলপ্রপাত দেখে কবীরধাম জেলার ভোরামদেও মন্দিরেও যাওয়ার কথা ছিল। জ্ঞানেশকে ‘রাজ্যের অভিথি’ হিসাবে আপ্যায়নের পরিকল্পনা নিয়েছিল ছত্তিশগড়ের বিজেপি সরকার। জোরকদমে চলছিল প্রস্তুতি। মুখ্য নির্বাচন কমিশনারকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল রায়পুরের পুলিশ-প্রশাসন। এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। একই দাবিতে সরব হয়েছে একাধিক ছাত্র সংগঠন। ইতিমধ্যে উত্তরপ্রদেশ, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে সফর স্থগিত রেখেছেন জ্ঞানেশ। এবার সেই তালিকায় যুক্ত হল ছত্তিশগড়।



