ওহিও: উৎসবের মাঝে দুই বন্দুকবাজের তাণ্ডবে আহত কমপক্ষে ১২ জন। জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি আমেরিকার ওহিও প্রদেশের টলেডোতে। পুলিশের সন্দেহ, দু’জন একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল। তার জেরেই এই বিপত্তি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। এদিন এতিহ্যবাহী ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভাল উপলক্ষ্যে বহু মানুষ এসেছিলেন। নাচ-গান, খাওয়া-দাওয়া নিয়ে মেতেছিলেন সকলে। আচমকা গুলি চলতে শুরু করে। ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ওহিও প্রদেশের গভর্নর মাইক ডিভাইন বলেন, ‘টলেডোর ঘটনা নিয়ে আমি উদ্বিগ্ন। গ্রীষ্মকালীন উৎসবে নিরাপদে আনন্দ করবে মানুষ। সেখানে হিংসার আতঙ্ক থাকা উচিত নয়।’



