ভ্যাঙ্কুভার: এবার কানাডার স্কুলে বন্দুকবাজের হামলা। বুধবার ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে ক্লাস চলাকালীন হামলা চালায় এক মহিলা আততায়ী। এর জেরে মৃত্যু হল ৮ জনের। নিহতদের মধ্যে রয়েছে হামলাকারীও। সে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়। স্থানীয় একটি বাড়িতেও দু’জনের দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের অনুমান, এই দুটি ঘটনার মধ্যে যোগ রয়েছে। সবমিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। স্কুলে হামলায় জখম অন্তত ২৫ জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যরা।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, টুম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বাদামি চুলের এক মহিলার হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এরইমধ্যে স্থানীয় কমিউনিটি বিল্ডিংয়ের একটা ঘর থেকে আরও দু’জনের দেহ উদ্ধার হয়। পুলিশ হামলকারীকে শনাক্ত করলেও তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে এই হামলা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় দুপুর ১টা ২০ নাগাদ স্কুলে ঢোকে ওই আততায়ী। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু সে। আতঙ্কে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ক্লাস নাইনের এক পড়ুয়া জানিয়েছে, প্রাণ বাঁচাতে সহপাঠীদের সঙ্গে একটি আলমারির ভিতরে লুকিয়ে পড়েছিল সে। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দুপুর দু’টো নাগাদ স্থানীয় বাসিন্দাদের রাস্তায় না বেরনোর নির্দেশ দেওয়া হয়। হামলাকারীর কোনো সঙ্গী রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। মাউন্টেড পুলিশের নর্থ ডিস্ট্রিক্টের প্রধান কেন ফ্লয়েড জানান, প্রায় ১০০ জন পড়ুয়া ও কর্মীকে স্কুল থেকে নিরাপদে বের করে আনা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক্স হ্যান্ডলে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন মোদিও।