ভাবনগর: দিনদুপুরে বাসস্ট্যান্ডে লিভ-ইন পার্টনারকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছিল যুবক। অভিযুক্তকে এবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেদম পেটাল গুজরাত পুলিশ। নেটদুনিয়ায় তাকে পেটানোর ভিডিয়ো ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে। যদিও পুলিশের দাবি, এই নৃশংস খুনের ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। অপরাধীদের কঠোর বার্তা দিতে এই পদক্ষেপ নিতে হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম ফয়জল লাখানি। বিগত সাত বছর কাজাল বারাইয়া নামের এক মহিলার সঙ্গে লিভ-ইন করছিল সে। ফয়জলের বিরুদ্ধে ডাকাতি সহ বেশকিছু অপরাধের মামলা রয়েছে। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে ফয়জল জানতে পারে, কাজাল রবি নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এরপর গত বৃহস্পতিবার বাসস্ট্যান্ডে কাজাল ও রবিকে দেখতে পেয়ে চড়াও হয় ফয়জল। তাঁদের প্রকাশ্যে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় কাজালকে ভাবনগরের একটি হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার পুলিশ খুনের মামলায় ফয়জলকে গ্রেপ্তার করে। শনিবার অপরাধের ঘটনার পুনর্নির্মাণ করতে ফয়জলকে সেই বাসস্ট্যান্ডে নিয়ে যায় নীলমবাগ থানার পুলিশ। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ফয়জলকে দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এক পুলিশ অফিসার তাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন।