Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

ছন্দে গুজরাত, মরিয়া রাজস্থান

জয়ের হ্যাটট্রিকে গুজরাত টাইটান্সের প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। গিল বাহিনী ১০ খেলে ছ’টি ম্যাচ জিতেছে। পয়েন্ট ১২।

ছন্দে গুজরাত, মরিয়া রাজস্থান
  • ৯ মে, ২০২৬ ০৪:০০

জয়পুর: জয়ের হ্যাটট্রিকে গুজরাত টাইটান্সের প্লে-অফে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। গিল বাহিনী ১০ খেলে ছ’টি ম্যাচ জিতেছে। পয়েন্ট ১২। শনিবার রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে দ্বিতীয় স্থান দখল করবে গুজরাত। আবার উল্টোদিকে সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের দলের সামনেও প্রথম ও দ্বিতীয় স্থান দখলের সুযোগ। গুজরাতকে হারাতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪। নেট রান রেটও ভালো। ফলে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট মহল। 

Advertisement

সাই সুদর্শন ছন্দে ফেরার পর গুজরাতের ব্যাটিং শক্তিশালী হয়েছে। গিলের সঙ্গে তিনিই ওপেন করবেন। তবে সমস্যা হল ক্যাপ্টেন গিলের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বরং জস বাটলার প্রথম দিকে ছন্দ হাতড়ালেও এখন ভরসা জোগাচ্ছেন। পরের দিকে ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া রয়েছেন। গুজরাতের বোলিংও বেশ মজবুত। মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা তো ছিলেনই। জেসন হোল্ডারের মতো অলরাউন্ডারকে খেলানোয় পেস আক্রমণের ঝাঁঝ বেড়েছে। স্পিনে সেরা অস্ত্র রশিদ খান।
তবে ম্যাচে রাবাডার সঙ্গে বৈভব সূর্যবংশীর ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। দুরন্ত ফর্মে আছেন রাজস্থানের বিস্ময় কিশোর। ওপেনার বৈভব ইতিমধ্যেই চারশোর বেশি রান করে ফেলেছে। শুরুতে আর এক বাঁ-হাতি যশস্বী জয়সওয়ালের সঙ্গে সে বড় জুটি গড়তে পারলে গুজরাতের কাজটা কঠিন হবে। পরের দিকের ব্যাটারদের মধ্যে রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেরা আছেন। যাঁরা বড় ইনিংস খেলার ব্যাপারে যথেষ্ট দক্ষ। রাজস্থানের বোলিং খুব খারাপ নয়। দুই বিদেশি পেসার জোফ্রা আর্চার ও নানদ্রে বার্গার নতুন বলে বিপাকে ফেলতে পারেন গুজরাতের ব্যাটারদের। ভারতীয় পেসার তুষার দেশপাণ্ডে অতীতে আইপিএলে দারুণ পারফর্ম করেছেন। স্পিন আক্রমণে জাদেজার সঙ্গী হবেন রবি বিষ্ণোই।

সম্পর্কিত সংবাদ