


আমেদাবাদ: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়েছে গুজরাত টাইটান্সের। তাদের পকেটে হায়দরাবাদের মতোই এখন ১৬ পয়েন্ট। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি’র সংগ্রহ ১৮ পয়েন্ট। প্রথম দুই দলের মধ্যে থাকার লড়াইটা তাই ত্রিমুখী। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলে সেই লক্ষ্য অনেকটাই নাগালের মধ্যে চলে আসবে শুভমান গিল ব্রিগেডের। সঞ্জু-ঋতুরাজদের বিরুদ্ধে তাই রীতিমতো মরিয়া দেখাচ্ছে গুজরাতকে।
সিএসকে’র ঝুলিতে আপতত ১২ পয়েন্ট। গুজরাতকে হারালে তাদের পয়েন্ট হবে ১৪। তাতেও প্লে-অফের দরজা খোলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ শুধু জিতলেই হবে না, পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। পরিসংখ্যানের বিচারে এই লড়াইয়ে অবশ্য কোনও দলই এগিয়ে নেই। মোট আটবারের সাক্ষাতে দুই দলই চারটি করে ম্যাচ জিতেছে। তবে শেষ সাক্ষাতে গিলরাই শেষ হাসি হেসেছিলেন। সেটাও চেন্নাইয়ের ডেরায়। জয় এসেছিল ৮ উইকেটে। গুজরাতের ব্যাটিং-বোলিং রীতিমতো সমীহ জাগানো। সাই সুদর্শন, জস বাটলার ও গিল হলেন ব্যাটিংয়ের সেরা ভরসা। মিডল অর্ডারে ওয়াশিংটন সুন্দরও আছেন ছন্দে। বোলিংয়ে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজের সঙ্গে রয়েছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। স্পিনার রশিদ খানও আছেন ছন্দে।
স্পিনের বিরুদ্ধে চেন্নাইয়ের সেরা বাজি আবার সঞ্জু স্যামসন। রশিদের সঙ্গে তাঁর লড়াই উপভোগ্য হতে চলেছে। উর্ভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবের উপস্থিতিতে ব্যাটিং শক্তিশালী। বোলিং বিভাগে আছেন অংশুল কম্বোজ, মুকেশ চৌধুরি, স্পেন্সার জনসন, নুর আহমেদ, আকিল হোসেনরা।