আমেদাবাদ: দমকলের ইঞ্জিন দিয়ে নিজের প্রাসাদোপম বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়ক। চাঞ্চল্যকর এই ঘটনাটি গুজরাতের দাহোড় জেলার। ধানপুর তালুকে রাজ্যের ক্ষমতাসীন দলের বিধায়ক বাচুভাই খাবাড়ের বাড়ি ধোয়ার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। বিতর্কের জেরে পদ্ম বিধায়কের কাছ থেকে ফি বাবদ ২ হাজার ৭০০ টাকা আদায় করে পুরসভা। পরে জানা যায়, অগ্নিকাণ্ডের ভুয়ো খবর দিয়ে দমকল ডাকা হয়েছিল। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রদেশে দমকলের সাহায্যে ব্যক্তিগত গাড়ি ধোয়ানোর অভিযোগ উঠেছিল এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে।
দেবগড় বারিয়া পুরসভার দমকল বিভাগের অফিসার ময়ুর সিং চৌহান জানান, পিপেরো গ্রামে অগ্নিকাণ্ডের খবর আসে। এক পদস্থ অফিসারকে সবকিছু জানিয়ে দমকলের ইঞ্জিন পাঠিয়ে দেন চৌহান। তবে ঘটনাস্থলে গিয়ে হতবাক হয়ে যান দমকল কর্মীরা। বিধায়কের লোকজন বাড়ি ধুয়ে দিতে বলেন। কর্মীরা ফোন করে বিষয়টি চৌহানকে জানান। তাঁরা জানান, ভুয়ো ফোন করে ডেকে এনে বাড়ি ধুয়ে দিতে বলা হচ্ছে। সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করতে বলেন চৌহান। একইসঙ্গে খরচ বাবদ টাকাও নেওয়া হয়। ভুয়ো ফোনের বিষয়টি নিয়ে অফিসাররা তদন্ত করবেন বলে জানিয়েছেন চৌহান। পুরসভার চেয়ারপার্সন ঘামেশ কামাল বলেন, ‘আমাকে ফোন করে দমকলের ইঞ্জিন পাঠাতে বলেন বিধায়ক। বড়ো কিছু ঘটেছে ভেবে দমকলের সঙ্গে যোগাযোগ করে ইঞ্জিন পাঠাতে বলি। তবে সেখানে যেতেই অন্য কাজ করতে বলা হয়। দায়িত্বপ্রাপ্ত অফিসার অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেন। সবকিছু শোনার পর আমিও একই নির্দেশ দিয়েছিলাম।’