নয়াদিল্লি: শীঘ্রই মোবাইলের উপর জিএসটি হার কমাতে পারে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরে বৈঠকে বসতে পারে জিএসটি কাউন্সিল। সেখানেই এবিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। বর্তমানে মোবাইলের উপর ১৮ শতাংশ জিএসটি বসানো হয়। বিশেষজ্ঞ মহলের মতে, এর জেরে মানুষকে বেশি দাম দিয়ে মোবাইল কিনতে হচ্ছে। ফলে বিক্রি অনেকটাই কমেছে। রিপোর্ট অনুযায়ী, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতে মোবাইল শিপমেন্টের হার ১০ থেকে ১১ শতাংশ কমেছে। গত ছ’বছরে যা সর্বনিম্ন। অন্যদিকে, দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধি করতে চাইছে কেন্দ্র। তাই সবদিক মাথায় রেখেই জিএসটি কমানোর কথা চিন্তাভাবনা করছে কাউন্সিল। তবে এর জেরে কি ক্রেতাদের সুরাহা হবে? ওয়াকিবহাল মহলের মতে, সেটা নির্ভর করবে নির্মাতা আর বিক্রেতাদের উপর।



