নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই স্বীকার করে নেন, রাজ্যের আর্থিক হাল মোটেই ভালো নয়। সেই কারণেই কেন্দ্রীয় অনুদান ছাড়াও সরকারের রাজস্ব বৃদ্ধিও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাও মেনে নেন তিনি। কিন্তু সেই হাল কি দ্রুত ফেরানো সম্ভব? প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যের জিএসটি আদায়ের অঙ্ক। কেন্দ্রীয় তথ্য বলছে, গতমাসে অর্থাৎ সেপ্টেম্বরে রাজ্যে জিএসটি আদায় হয়েছে ৫,৫৪৯ কোটি টাকা। গতবছরের সেপ্টেম্বরের তুলনায় বৃদ্ধির হার ৬ শতাংশ। গত আগস্ট মাসে রাজ্যে জিএসটি আদায় হয়েছিল ৫ হাজার ৫৩ কোটি টাকা। কিন্তু সেই মাসের আদায় জুলাইয়ের চেয়ে কমে গিয়েছিল ৫১১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে যে অঙ্কের জিএসটি আদায় হয়েছে, তার চেয়ে চলতি অর্থবর্ষে আদায় অন্তত ২৫ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা বাণিজ্যিক কর বিভাগকে বেঁধে দিয়েছে অর্থদপ্তর। বাংলায় রাজনৈতিক পালাবদলের পরই সেই টার্গেট স্থির করা হয়েছে। তবে শাসক দলের এক কর্তাদের কথায়, লক্ষ্যমাত্রার ধারের কাছে নেই জিএসটি আদায়ের হার। এমনকি উৎসবের মুখে সেপ্টেম্বরে যে আদায় হয়েছে, তাও আশানুরূপ নয়, মনে করছেন তাঁরা। চলতি মাসে তা কতটা বাড়ে, সেদিকেই নজর তাঁদের।



