অকল্যান্ড: পাকিস্তানের বিরুদ্ধে শনিবার প্রথম ওডিআই ম্যাচে গুরুতর চোট পেলেন রাচীন রবীন্দ্র। ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে বল নিউজিল্যান্ডের অলরাউন্ডারের কপালে আঘাত করে। ফ্লাডলাইটের আলোয় বল দেখতে না পেয়েই ঘটনাটি ঘটেছে। তাঁর কাপাল দিয়ে রক্ত ঝরতে দেখে দ্রুত দৌড়ে আসেন চিকিত্সকরা। প্রাথমিক চিকিত্সার পর ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। পরে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘রাচীনের অবস্থা স্থিতিশীল। হেড ইনজুরি অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার অধীনে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছে ও।’ চোটের কারণে এদিন খেলতে পারেননি পেসার লকি ফার্গুসনও। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত এই কিউয়ি পেসার। আরব আমিরশাহিতে টি-২০ লিগ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সবমিলিয়ে মেগা টুর্নামেন্টের আগে চোটে জর্জরিত কিউয়ি-ব্রিগেড।
Advertisement
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের দারুণ সূচনা করল নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের শতরানে ভর করে হোম টিমকে ৭৮ রানে বশ মানিয়েছে কিউয়িরা। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান তোলে তারা। গ্লেন ফিলিপসের ৭৪ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৭টি ছক্কায়। এছাড়া অর্ধশতরান করেন ড্যারিল মিচেল (৮১) ও কেন উইলিয়ামসন (৫৮)। জবাবে ২৫২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।



