ট্রেনে খোয়া যাওয়া ৭ লক্ষের গয়না ফেরাল জিআরপি, উল্লসিত তরুণী
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ট্রেনে খোয়া যাওয়া প্রায় সাত লক্ষ টাকার গয়না ফিরে পেলেন তারকেশ্বরের এক তরুণী। রেল পুলিশের তৎপরতায় প্রায় রাতারাতি গয়না ফিরে পাওয়ায় খুশি সুমনা মণ্ডল। শেওড়াফুলি জিআরপির পুলিশকর্মীরা তরুণীর মুখে হাসি ফুটিয়ে নিজেরাও হাসছেন। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। ওইদিন সুমনা, তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনে উঠেছিলেন। তিনি কামারকুণ্ডুতে নেমে পড়েন। কিন্তু, তার সঙ্গে থাকা গয়না সহ একটি ব্যাগ তাড়াহুড়োয় তিনি ট্রেনেই ফেলে রেখে যান। খানিক বাদে তিনি ফের কামারকুণ্ডু জিআরপির কাছে ছুটে যান। এরপরেই সমস্ত স্টেশন মাস্টারকে সতর্ক করে দেওয়া হয়। রাতেই শেওড়াফুলি জিআরপি সংশ্লিষ্ট ট্রেনে তল্লাশি চালিয়ে গয়না সহ ব্যাগটি উদ্ধার করে। রাতেই ওই তরুণীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের পর ব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়। সুমনা জানিয়েছেন, কানের দুল, লকেট সহ প্রায় ৫০ গ্রাম ওজনের সোনার গয়না ওই ব্যাগে ছিল। ব্যাগটি হারিয়ে খুব ভেঙে পড়েছিলাম। জিআরপি যে তৎপরতার সঙ্গে সেটি উদ্ধার করেছে, তা মনে রাখার মতো। 

Advertisement

শেওড়াফুলি জিআরপির কর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বারবার খোয়া যাওয়া মোবাইল ফেরানো হয়েছে। কিন্তু গয়নার ব্যাগ উদ্ধার করে ফেরানোর ঘটনা অবশ্যই আলাদা। পুজো মরশুমে এটা বড়ো আনন্দের বিষয়।  নিজস্ব চিত্র