Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গুচ্ছের অভিযোগ নিহত প্রোমোটারের বিরুদ্ধেও, গ্রেপ্তার হয় একাধিকবার

হাওড়ার পিলখানায় গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া প্রোমোটার মহম্মদ শফিকের বিরুদ্ধে একাধিক মামলা ঝুলে রয়েছে গোলাবাড়ি থানায়।

গুচ্ছের অভিযোগ নিহত প্রোমোটারের বিরুদ্ধেও, গ্রেপ্তার হয় একাধিকবার
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার পিলখানায় গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া প্রোমোটার মহম্মদ শফিকের বিরুদ্ধে একাধিক মামলা ঝুলে রয়েছে গোলাবাড়ি থানায়। বছর পাঁচেক আগে হাওড়ার ওয়াটকিন্স লেনে তার গোষ্ঠীর সঙ্গে দুষ্কৃতীদের আরেক গোষ্ঠীর গুলির লড়াইয়ের মাঝে পড়ে আহত হয় এক কিশোর। অভিযোগ, শফিকের নির্দেশেই সেদিন গুলি ছোড়া হয়েছিল। ওই ঘটনায় শফিক সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর হয় গোলাবাড়ি থানায়। পুলিশ তাকে গ্রেপ্তারের পর শফিক কয়েকদিন জেলও খেটেছিল। 

Advertisement

বুধবার কাকভোরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় শফিককে। এই খুনের মোটিভ জানতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীরা জেনেছেন, শফিক মোটেই স্বচ্ছ ভাবমূর্তির যুবক ছিল না। তোলাবাজি থেকে অপহরণ— সবেতেই সে ছিল সিদ্ধহস্ত। শাসকদলের ছত্রছায়ায় থেকে অপরাধ করে বেড়াত শফিক। সঙ্গে আগ্নেয়াস্ত্রও রাখত। কোথাও গেলে শফিকের পিছনে অন্তত ৫০ জনের বাইক বাহিনী যেত। অস্ত্র রাখার আলাদা ডেরা রয়েছে তার। তদন্তে উঠে এসেছে, তার বিরুদ্ধে গোটা দশেক মামলা রয়েছে গোলবাড়ি সহ হাওড়ার বিভিন্ন থানায়। যার বেশিরভাগই অপহরণ করে টাকা আদায়, তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো, গুলি চালানোর মতো অপরাধের অভিযোগ রয়েছে। গোলাবাড়ি থানার হাতে বার চারেক ধরাও পড়ে সে। তবে মাথায় শাসকদলের হাত থাকায় অনায়াসে জামিন পেয়ে যায় শফিক। এমনকি, এলাকায় সাট্টা-জুয়ার ঠেক চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জি টি রোডে চাঁদমারি ব্রিজের গোড়ায় যেখানে পাঞ্জাব লাইনের ইয়ার্ড রয়েছে, সেখানে তার পালটা গোষ্ঠীর দুষ্কৃতীদের সঙ্গে প্রায়ই গুলির লড়াই চলত। বছর পাঁচেক আগে ওয়াটকিন্স লেনে গুলির ঘটনায় গ্রেপ্তার হলেও কিছুদিন বাদে জামিন মেলায় বাইরে এসেছিল সে। তারপর ফের অপরাধমূলক কাজকর্ম শুরু করেছিল শফিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ