নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলের মধ্যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল সপ্তম শ্রেণির এক ছাত্রী। গাইঘাটা থানা এলাকার একটি স্কুলে বুধবারের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিৎসকদের দাবি, ছাত্রীর অবস্থা স্থিতিশীল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রিয় বান্ধবীর মৃত্যুর ধাক্কা সামলাতে না পেরেই এই চরম পদক্ষেপ করেছে কিশোরী।
মাসখানেক আগে বান্ধবীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিল ছাত্রীটি। মাঝেমধ্যে বাড়ির লোককে বলত বান্ধবী তাকে ডাকছে। কখনও আবার দাবি করত, সে বন্ধুকে দেখতে পাচ্ছে। ঘুমের মধ্যেও হঠাৎ চিৎকার করে উঠে আতঙ্কিত হয়ে পড়ত। বুধবার স্কুলে আসে সে। আর স্কুল চলাকালীন লুকিয়ে বিষ খেয়ে ফেলে সে। অসুস্থ হয়ে পড়লে শিক্ষক-শিক্ষিকারা বিষয়টি জানতে পারেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, বিষক্রিয়ার কারণে ওই ছাত্রী হাসপাতালে ভরতি আছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বান্ধবী বিয়োগে দীর্ঘদিনের মানসিক অবসাদ থেকে সে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। কীভাবে স্কুলের ভিতরে ওই ছাত্রীর হাতে বিষ এল, তাও খতিয়ে দেখা হচ্ছে।