Bartaman Logo
৯ জুন, ২০২৬

হোলির রাতে অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা, পাক যোগ থাকার দাবি পুলিসের

হোলির রাতে অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলা, পাক যোগ থাকার দাবি পুলিসের
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: হোলির রাতে গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসরের মন্দির। শুক্রবার রাতে খান্ডওয়ালা এলাকায় অবস্থিত ঠাকুরদ্বারা মন্দিরে হামলা চালায় দুই দুষ্কৃতী। ঘটনার সময় মন্দিরের পুরোহিত ভিতরে থাকলেও তিনি কোনওমতে প্রাণে বেঁচে যান। হামলার পুরো দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে জানিয়েছে পুলিস। অমৃতসরের পুলিস কমিশনার গুরপ্রীত ভুল্লার বলেন, ‘এর আগেও বহুবার এমন অপকর্মের পিছনে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গিয়েছে। গ্রেনেড হামলার ঘটনায় জোরদার তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।’

Advertisement

সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ একটি বাইকে চেপে মন্দিরের সামনে এসে দাঁড়ায় দুই দুষ্কৃতী। তাদের হাতে একটি পতাকাও ধরা ছিল। বাইক থেকে এক দুষ্কৃতী নেমে দাঁড়ায়। অন্য দুষ্কৃতী বাইকেই বসে ছিল। কিছুক্ষণ পর প্রথম দুষ্কৃতী মন্দিরের দিকে গ্রেনেড ছোড়ে। তারপরই দ্রুত বাইক চালিয়ে চম্পট দেয় দুজনে। প্রায় সঙ্গে সঙ্গেই মন্দিরে জোরালো বিস্ফোরণ হয়। খান্ডওয়ালা থেকে পাকিস্তান সীমান্তের দূরত্ব প্রায় ২৫ কিমি। তাই হামলার সঙ্গে পাক যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। শনিবার বলেন, ‘মাঝেমধ্যেই এরকম হামলা চালিয়ে পাঞ্জাবকে অশান্ত করার চেষ্টা চলছে। মাদক পাচারের বিষয়টিও এর সঙ্গে জড়িত। তবে পাঞ্জাব পুলিস যথেষ্ট সক্রিয়।’ পাকিস্তান নিয়ে তাঁর বক্তব্য, ‘পাকিস্তান নিয়মিতভাবে ভারতে ড্রোন পাঠাচ্ছে। ওরা কেন চাইবে পাঞ্জাবে শান্তি বজায় থাকুক?’
গ্রেনেড হামলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু হামলার কড়া নিন্দা করে দাবি করেছেন, অমৃতসরের মতো সীমান্ত শহরে এমন বিস্ফোরণ বারবার ঘটে চলেছে। পাঞ্জাবের আপ সরকার তা ঠেকাতে ব্যর্থ। পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজার বক্তব্য, এমন ঘটনায় রাজ্যবাসীর মনে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে। 
এদিকে, শুক্রবার দুপুরে অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিতরে লোহার রড নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। রডের আঘাতে জখম হন পাঁচজন। এর মধ্যে ভাতিন্দার বাসিন্দা এক যুবকের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে স্বর্ণমন্দিরের দুই সেবাদারও রয়েছেন। পুলিস জানিয়েছে, স্বর্ণমন্দির চত্বরের কমিউনিটি কিচেনের কাছে এই ঘটনা ঘটে। পুলিস অভিযুক্ত ও তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ