


লন্ডন: প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল এক গ্রাফিতি শিল্পীর নাম—‘ব্যাঙ্কসি’। তা আদতে ছদ্মনাম। এতদিন ব্রিস্টলের এই গ্রাফিতি শিল্পীর প্রকৃত নাম-পরিচয় গোপনই ছিল। তাতে অবশ্য তাঁর শিল্পকর্মের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বিশ্বের তাবড় শিল্পবোদ্ধাদের প্রশংসা পেয়েছে তাঁর ‘গার্ল উইথ বেলুন’ বা ‘নেপাম’-এর মতো ছবি। লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে তাঁর একাধিক শিল্পকর্ম। শেষ পর্যন্ত সামনে এল রহস্যময় সেই শিল্পীর পরিচয়। ৫১ বছরের ‘ব্যাঙ্কসি’র আসল নাম রবিন গানিংহ্যাম। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ২০০৮ সালে রবিন নিজের নাম বদলে ফেলেছিলেন। পরিবর্তিত নাম হয় ডেভিড জোন্স। ব্রিটেনে এই নাম খুবই প্রচলিত। এরই আড়ালে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলেন রবিন।
কীভাবে ‘ব্যাঙ্কসি’র পরিচয় সামনে এল? জানা যাচ্ছে, একাধিক সূত্র ধরেই বিখ্যাত এই গ্রাফিতি শিল্পীর পরিচয় সামনে এসেছে। সেই ‘তদন্ত’ অভিযান শুরু হয়েছিল ইউক্রেন থেকে। ২০২২ সালের শেষ দিকে বোমার আঘাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া হোরেঙ্কা শহরের একটি বাড়িতে হাজির হন তিনজন। একজনের পরনে ছাইরঙা হুডি, একজনের মাথায় বেসবল খেলার টুপি ও তৃতীয় জন বিখ্যাত ফটোগ্রাফার জাইলস ডুলে। প্রায় ধ্বংস হয়ে যাওয়া ওই বাড়ির দেওয়ালে তাঁরা একটি ম্যুরাল আঁকেন। এর পরেই শিল্পীর খোঁজ শুরু হয়। সেই সূত্র ধরেই শিল্পীর পরিচয়ের আভাস পাওয়া যায়।
পরবর্তী সময়ে এক বিবৃতিতে ব্যাঙ্কসির আইনজীবী মার্ক স্টিফেন্স রয়টার্সকে জানান, ব্যাঙ্কসি অনেক সময় হুমকি এবং চরমপন্থী আচরণের শিকার হয়েছেন। সেই কারণে তাঁর আসল পরিচয় গোপন রাখা প্রয়োজন।