Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাগরে পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী

এক পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনাটি ঘটেছে সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়

সাগরে পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: এক পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনাটি ঘটেছে সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মনসাদেবী জীবনতলার ১০৬ নম্বর বুথ এলাকার পঞ্চায়েত সদস্য শেখ মান্নানের বাড়িতে বিভিন্ন ত্রাণ সামগ্রী মজুত করা ছিল। স্থানীয় বাসিন্দারা হঠাৎই সেই সামগ্রীগুলি দেখতে পান। এরপর সেগুলি বাড়ির ভিতর থেকে বের করে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর বিজেপির কর্মী ও সমর্থকরা ঘটনাস্থলে আসেন। তখন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

Advertisement

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মল্লিকা জানা বলেন, ‘বেশ কয়েকটি সরকারি ত্রিপল, পানের বরজ ঘেরার নীল রঙের জাল সহ বিভিন্ন সামগ্রী রাখা ছিল ওই বাড়িতে। তিনি এগুলি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এনে বাড়িতে রাখতেন। মূলত গ্রামবাসীদের দেওয়ার নাম করে এগুলি আনা হত। কিন্তু তিনি কাউকেই এগুলি দিতেন না। নিজের বাড়িতেই মজুত করে রাখতেন। আজ পুরো বিষয়টি সামনে চলে এসেছে।’ সাগরের বিজেপি নেতা রাজেশ সানা বলেন, ‘১০৬ নম্বর বুথ থেকে গ্রামবাসীরা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে, সত্যিই তিনি সরকারি ত্রাণ সামগ্রী তাঁর বাড়িতে মজুত করে রেখেছিলেন। গ্রামবাসীরা নিজেরাই সেগুলি উদ্ধার করেছেন।’ তবে পঞ্চায়েত সদস্য শেখ মান্নান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঈদের সময় গ্রামে নামাজ পড়ার জন্য ত্রিপল লাগে। তাই বিডিওকে বলে এগুলি নিয়ে আসা হয়েছিল। এছাড়াও জৈব সার তৈরি করার কিছু সামগ্রী ছিল। এগুলি কোনো গ্রামবাসী নেননি। তাই বাড়িতে রেখে দিয়েছিলাম।’ নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ