নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের সব হোমস্টের হাল কেমন তা দেখতে পরিদর্শন করবেন আধিকারিকরা। পর্যটন দপ্তরের তরফে এমন নির্দেশ এসেছে জেলায়। হোমস্টে শুধু খাতায় কলমে খুলে রাখা আছে নাকি সেখানে পরিষেবা পাওয়া যায় তা দেখা হবে। পর্যটকদের স্বাচ্ছন্দ্যের জন্য কেমন ব্যবস্থা তাও দেখা হবে খতিয়ে। সুন্দরবনে বর্তমানে সরকারিভাবে ১৬৫টির মতো হোমস্টের নাম নথিভুক্ত আছে। এর বাইরেও অনেক আছে যেগুলির নাম এখনও নথিভুক্ত হয়নি। প্রশাসন চাইছে পরিদর্শনের পর পরিকাঠামো ঠিক করার পর সরকারিভাবে সেগুলি নথিভুক্ত করতে। ঝড়খালি, গোসাবাজুড়ে রয়েছে বেশি হোমস্টে। পাঁচবছরেরও বেশি সময় ধরে সেগুলি চলছে। হোটেল লজের তুলনায় বেশি জনপ্রিয়ও। কিন্তু তারা ঠিক মত পরিষেবা দিচ্ছে কি না তা এখন সরকারের অন্যতম জানার বিষয়। যাঁদের এখনও এ ক্ষেত্রে খামতি আছে সেগুলি ঠিক করার উপায় পরিদর্শনের সময় জানানো হবে মালিকদের। দেখা হবে আরও একটি জিনিস, সেটি হল এই সব হোমস্টে কোথায় অবস্থিত। অর্থাৎ সরকারি জমি দখল করে গজিয়ে উঠেছে কি না তা যাচাই করবেন আধিকারিকরা। জানা গিয়েছে, পর্যটন দপ্তর থেকে একটি অ্যাপ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে এক ছাতার তলায় হোটেল বুক করা থেকে গাড়ি ইত্যাদি বিষয়গুলি জানা যাবে। সুন্দরবনের সব হোমস্টের পূর্ণাঙ্গ তথ্য যাচাই করার পর অ্যাপে তা তোলা হতে পারে। তাই পরিদর্শনের সিদ্ধান্ত বলে অনুমান সংশ্লিষ্ট মহলের।



