মুম্বই: চুল কাটানোর জন্য লাইন দিয়ে দাঁড়াতে বলা হয়েছিল পড়ুয়াদের। সেখানেই খেলতে শুরু করে কয়েকজন। আর তাতেই রেগে আগুন সুপারিন্টেন্ডেন্ট। দিলেন মধ্যযুগীয় নিদান। মাথা অর্ধেক কামিয়ে ন্যাড়া করে দেওয়া হলো ৮২ জন পড়ুয়াকে। শনিবার এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের চিমুর তালুকার জমভুলঘাটের একটি মাধ্যমিক পর্যায়ের সরকারি আশ্রমে। সেই ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিযুক্ত সুপারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পড়ুয়াদের শৃঙ্খলাভঙ্গের ‘শাস্তি’ দিতেই ক্ষৌরকারকে ওই নির্দেশ দিয়েছিলেন সুপার। ট্রিমার দিয়ে তাদের মাথা অর্ধেক ন্যাড়া করে দেওয়া হয়। সেই ছবি অভিভাবকদের কাছে পৌঁছাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শিক্ষাদপ্তরের আধিকারিকদের নির্দেশে ওই পড়ুয়াদের চুল সমানভাবে কেটে দেওয়া হয়েছে। রাত ১১টা নাগাদ ফের আশ্রমে চুল কাটানোর পর্ব শুরু হয়। তার জন্য পড়ুয়াদের ভোর ৪টে পর্যন্ত জেগে থাকতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।



