Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ট্রাম্পের শুল্কনীতির ধাক্কায় সোনা ঊর্ধ্বমুখী, গড়ল দামের নয়া রেকর্ড

দিনতিনেকের স্বস্তির পর ফের উপর দিকে উঠল সোনার দাম। তা এবার ৯২ হাজারের সীমা ছাড়াল। ফলে নতুন করে রেকর্ড গড়ল হলুদ ধাতু।

ট্রাম্পের শুল্কনীতির ধাক্কায় সোনা  ঊর্ধ্বমুখী, গড়ল দামের নয়া রেকর্ড
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনতিনেকের স্বস্তির পর ফের উপর দিকে উঠল সোনার দাম। তা এবার ৯২ হাজারের সীমা ছাড়াল। ফলে নতুন করে রেকর্ড গড়ল হলুদ ধাতু। বৃহস্পতিবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ৯২ হাজার ১০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়েছে ৮৭ হাজার ৫০০ টাকা। দামের নিরিখে রেকর্ড গড়েছে গয়না সোনাও। এই দরগুলির উপর যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। 

Advertisement

গত ৩ এপ্রিল কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর উঠেছিল ৯১ হাজার ৮৫০ টাকা। সেটাই ছিল এযাবৎকালের রেকর্ড দর। তারপর ধাপে ধাপে তা নেমে আসে ৮৮ হাজার ৯৫০ টাকায়। কিন্তু এদিন তা নতুন করে আবার উপরের দিকে উঠতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, বিগত কয়েক মাসে হলুদ ধাতুর দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমেরিকারই। মার্কিন প্রেসিডেন্ট পদে কে আসবেন, সেই জল্পনা থেকে শুরু হয় লাগাতার দামবৃদ্ধি-পর্ব। এর পর ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প কী আন্তর্জাতিক বাণিজ্য নীতি ঘোষণা করেন, সেই জল্পনাও দাম বাড়ায় সোনার। এরপর শুল্ক ঘোষণা হয়ে গেলে, বাজার থিতু হওয়ার চেষ্টায় ছিল। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে ট্রাম্প নিজেই সরে আসেন। বিশ্বের নানা দেশের উপর যে বিপুল হারে শুল্ক তিনি চাপিয়েছিলেন, সেই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন তিনি। চীন ছাড়া বাকি দেশ তাতে কিছুটা স্বস্তি পায়। কারণ, চীনকে রেহাই না দিয়ে, তাদের উপর শুল্ক আরও বাড়ান ট্রাম্প। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের শেয়ার বাজারগুলিও অক্সিজেন পায় এই মার্কিনি সিদ্ধান্তের জেরে। বাজার চাঙ্গা হতেই, সোনার দামও চড়তে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত দামের ওই দোলাচল জারি থাকবে। পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ায় সোনার দর কেমন যাবে, এখন সেদিকেই নজর ক্রেতা-বিক্রেতা উভয়েরই।

Advertisement
সম্পর্কিত সংবাদ