কলকাতা, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনে বড়ো লাফ সোনার দামে। কলকাতায় একদিনে এক হাজার টাকার বেশি বাড়ল ১০ গ্রাম সোনালি ধাতুর দাম। যদিও এখনও তা শিখর থেকে অনেকটা নীচে। ঘোরাফেরা করছে দেড় লক্ষ টাকার আশেপাশে।
কলকাতা, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনে বড়ো লাফ সোনার দামে। কলকাতায় একদিনে এক হাজার টাকার বেশি বাড়ল ১০ গ্রাম সোনালি ধাতুর দাম। যদিও এখনও তা শিখর থেকে অনেকটা নীচে। ঘোরাফেরা করছে দেড় লক্ষ টাকার আশেপাশে।
পয়লা বৈশাখকে কেন্দ্র করে সেজে উঠেছে সোনার দোকানগুলি। বাঙালিও তার সংস্কৃতি বজায় রাখতে এদিন সোনা কেনাকে আপন করে নেয়। এবছরও তার ব্যতিক্রম হল না। গ্রাহকদের আকৃষ্ট করতে নানা অফার দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এবার হালকা গয়না ও হিরের গয়নার চাহিদাই সবচেয়ে বেশি বলে শহরের ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন।
মাসকয়েক আগেই কলকাতায় সোনার দর ১ লক্ষ ৭৮ হাজার টাকার সীমা পেরিয়ে গিয়েছিল। কপালে চিন্তার ভাঁজ পড়ে মধ্যবিত্তের। এরপরে সোনালি ধাতুর দামে ওঠা-নামা চলছে। যদিও তা এখনও শিখর থেকে কিছুটা নীচেই ঘোরাফেরা করছে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বুধবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা। গতকাল যা ছিল ১ লক্ষ ৫৩ হাজার ২০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট গয়না সোনার দর ১ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা।
বৃদ্ধির এই দৌড়ে সোনার সঙ্গে সমানে তালে পাল্লা দিচ্ছে রুপোও। এদিন প্রতি কিলো রুপোর বারের দাম বেড়ে ২ হাজার ৩০০ টাকার বেশি। এদিন দিনের শেষে তা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৬০০ টাকা।