নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চড়তে শুরু করেছে সোনার দর। কলকাতায় একদিনের তফাতে দাম বেড়েছে চার হাজার টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৫৮ হাজার ৩৫০ টাকা। অথচ গত বুধবারই সেই দর ছিল ১ লক্ষ ৫৪ হাজার ৩৫০ টাকা। দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। বৃহস্পতিবার গয়না সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৫০ হাজার ৫৫০ টাকা। অথচ বুধবারই সেই দর ছিল ১ লক্ষ ৪৬ হাজার ৭০০ টাকা। এমাসের গোড়া থেকে হিসাব কষলে হলুদ ধাতুর দামবৃদ্ধির হার ১০ গ্রাম পিছু প্রায় ১৫ হাজার টাকা! গত কয়েকমাস ধরেই সোনার দরে স্থিতাবস্থা জারি ছিল। তাহলে কেন বাড়ছে দাম? বিশেষজ্ঞদের কথায়, চলতি মাসে একটু একটু করে দাম বাড়ছিলই। তবে বৃহস্পতিবার যে সীমায় পৌঁছেছে দর, সেই প্রবণতা অন্তত দু-মাসের উপর দেখা যায়নি। এর কারণ আমেরিকার ট্রেজারি বন্ডের সুদের হার কমে যাওয়া। পাশাপাশি ডলারের দরের পতনও রোখা যায়নি। এই অবস্থায় ঝুঁকি কমাতে সোনার মতো তুলনামূলক নির্ভরযোগ্য বিনিয়োগের দিকে ঝুঁকছেন লগ্নিকারীরা। সোনার পাশাপাশি রুপোর দামও চড়েছে অনেকটাই। একদিনের তফাতে প্রায় ১০ হাজার টাকা দাম বেড়ে কেজি পিছু খুচরো রুপোর দর বৃহস্পতিবার কলকাতায় ছিল ২ লক্ষ ৩৯ হাজার ৫৫০ টাকা।



