Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বালিতে জানালার রড কেটে সোনা ও রুপোর গয়না, নগদ লুটে চাঞ্চল্য

পুজোর মুখে শহরের নিরাপত্তা বাড়াতে জোর দিয়েছে পুলিশ। সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের

বালিতে জানালার রড কেটে সোনা ও রুপোর গয়না, নগদ লুটে চাঞ্চল্য
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজোর মুখে শহরের নিরাপত্তা বাড়াতে জোর দিয়েছে পুলিশ। সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের। এমন অবস্থায় বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে দোতলার জানালার রড কেটে ভিতরে ঢুকে কার্যত তছনছ করা হল দুটি ঘর। আলমারি থেকে লকার, বাদ যায়নি কিছুই। নগদ ৫ লক্ষ টাকা এবং প্রায় ১৫ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না সহ  বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোমবার রাতে বালির পদ্মবাবু রোডের এই ঘটনায় পুজোর আগে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

সোমবার বাড়ির মালিক রাজীব পাত্র সপরিবারে ডানকুনিতে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ির দোতলায় উঠে প্রথমে দুটি ঘরের জানালার রড কেটে ফেলে দুষ্কৃতীরা। ভিতরে ঢুকে আলমারি, ড্রেসিং টেবিল এবং লকার ভেঙে একের পর এক জিনিস বের করে নেয় দুষ্কৃতীরা। নগদ টাকা ও গয়নাসহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। চুরির ধরন দেখে হতবাক বাড়ির লোকজনও। কারণ, বাড়ির উপরের অংশে ভাড়াটিয়া এবং নীচে ফ্যাক্টরিতে একজন কেয়ারটেকার থাকা সত্ত্বেও কেউ কোনো শব্দ পাননি বলে দাবি। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বাড়িতে ফিরে রাজীববাবুর নজরে আসে দোতলার বারান্দার রড কাটা। ভিতরে ঢুকতেই দেখা যায়, দুটি ঘরের তালা ভাঙা। ঘরের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিশ। বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকল, কতক্ষণ সেখানে ছিল এবং কোন পথে পালাল—সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ