নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ঘুষ-কাণ্ডে হাওড়া সিটি পুলিশের পরপর দু’জন পুলিশকর্মীর গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন গোলাবাড়ি থানার এক সিভিক ভলান্টিয়ার। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ শরিফউদ্দিন ওরফে কুরবান। পুলিশ সূত্রে খবর, গোলাবাড়ির কাঠপোল ব্যবসায়ী ইমতিয়াজ আলমের কাছ থেকে ৫০ হাজার টাকা তোলা নেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাবাড়ি থানায় ১০ বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন কুরবান। সম্প্রতি ওই ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ সামনে আসে। ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত সোমবার ব্যাঁটরা থানায় ঘুষ নিতে গিয়ে রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হন সাব-ইনসপেক্টর সুব্রত সরকার। পরদিনই নাজিরগঞ্জ তদন্তকেন্দ্রের কনস্টেবল শুভময় মণ্ডলকেও ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তারপরেই তোলাবাজির অভিযোগে সিভিক ভলান্টিয়ারের গ্রেপ্তারিতে ফের প্রশ্নের মুখে পুলিশের একাংশের ভূমিকা। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পরই কুরবানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে।