দেরাদুন: রবিবার সকালে বদ্রীনাথ ধামের কাছে হিমবাহ ধসে আতঙ্ক ছড়াল। এদিন কুবের পর্বতের কাছাকাছি এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। চারধাম যাত্রাতেও কোনো প্রভাব পড়েনি। জানা গিয়েছে, সকাল দশটা নাগাদ কাঞ্চনগঙ্গা নালা এলাকায় হিমবাহের একাংশ ধসে পড়ে। ওই এলাকাটি বহু বছর ধরেই ধসপ্রবণ বলে পরিচিত। একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, বিকট শব্দে পাহাড়ের গা বেয়ে বরফের চাঁই ও ধুলো নেমে আসছে। চারপাশ ধুলোয় ঢাকলেও পাথর-বরফের টুকরো বদ্রীনাথগামী জাতীয় সড়ক পর্যন্ত পৌঁছায়নি। চামোলির পুলিশ সুপার সুরজিত্ সিং পাওয়ার জানিয়েছেন, হিমালয়ের উঁচু অংশে এমন ঘটনা অস্বাভাবিক নয়। ঐতিহাসিকভাবেই কাঞ্চনজঙ্ঘা নালা অঞ্চলে ‘গ্লেসিয়াল মুভমেন্ট’ হয়। তীর্থযাত্রা স্বাভাবিক ছন্দেই চলেছে।



