সিঙ্গাপুর: ৩৯ চালের পর আত্মসমর্পণের ফরমানে দস্তখত করেই দু’হাতে মুখ ঢাকলেন ডি গুকেশ। ফিডে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত এগারোটি গেমে তাঁকে কখনও এতো বিধ্বস্ত লাগেনি। এমনকী, প্রথম খেলায় হারের পরও এই অভিব্যক্তি ছিল না গুকেশের চোখেমুখে। আসলে এদিন তিন-তিনটি ভুলের মাশুল গুনতে হয়েছে ভারতীয় দাবাড়ুকে। সুযোগের সদ্ব্যবহার করে দ্বাদশ গেমে জয়ের চওড়া হাসি নিয়ে সমতায় ফিরলেন ডিং লিরেন। দুই দাবাড়ুর ঝুলিতে আপাতত ছয় পয়েন্ট। বাকি মাত্র আর দু’টি গেম। উত্তেজনাময় নিষ্পত্তির দিকে এগচ্ছে খেতাবি লড়াই। তবে এদিন গতবারের চ্যাম্পিয়ন যে ফর্ম মেলে ধরলেন তাতে বিশেষজ্ঞদের মত, এখন ‘অ্যাডভান্টেজ’ পজিশনে লিরেন।
Advertisement
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভের কটাক্ষ। তারপর রবিবার গুকেশের কাছে হার। লিরেন যে জবাব দিতে মুখিয়ে থাকবেন তা কাঙ্ক্ষিত ছিলই। সোমবার সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক পথে হাঁটেন চীনা দাবাড়ু। প্রবল চাপ তৈরি করে গুকেশকে বারবার ভুলের ফাঁদে ফেলেন তিনি। ২০, ২২ ও ২৬তম চালের ভুলই ম্যাচ থেকে ছিটকে দেয় গুকেশকে। শেষ পর্যন্ত ৩৯ চালের মাথায় আত্মসমর্পণ করেন তিনি। সোমবারের ধাক্কা সামলে বিশ্বসেরার মুকুট জিততে হলে শেষ দু’টি গেমে মানসিক দৃঢ়তা দেখাতে হবে ভারতীয় দাবাড়ুকে।



