Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

স্পিন মোকাবিলায় জোর গিলের

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু রবিবার। সিরিজে ১-০ এগিয়ে থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়া আত্মতুষ্ট নয় একেবারেই। সিংহলিজ স্পোর্টস ক্লাবে শুক্রবারই নেমে পড়ল প্রস্তুতিতে।

স্পিন মোকাবিলায় জোর গিলের
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু রবিবার। সিরিজে ১-০ এগিয়ে থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়া আত্মতুষ্ট নয় একেবারেই। সিংহলিজ স্পোর্টস ক্লাবে শুক্রবারই নেমে পড়ল প্রস্তুতিতে। অধিনায়ক শুভমান গিলকে দেখা গেল দীর্ঘসময় ধরে বাঁ-হাতি স্পিনারের বিরুদ্ধে ব্যাট করে গেলেন। রক্ষণ জমাট করাই লক্ষ্য। গল টেস্টে দুই ইনিংসেই প্রভাত জয়সূর্যের শিকার তিনি। দুই ইনিংসে সংগ্রহ যথাক্রমে ১৬ ও ৮। ভারত ১৬৫ রানের বড়োসড়ো ব্যবধানে জিতলেও ব্যক্তিগত ব্যর্থতা খোঁচা দিচ্ছে ক্যাপ্টেনকে। সেজন্যই অনুশীলনে বাঁ-হাতি স্পিন সামলাতে মরিয়া দেখাল তাঁকে। এটা অবশ্য গিলের নতুন কোনো দুর্বলতা নয়। টেস্ট ক্রিকেটে ৪২ ম্যাচে মোট ১১ বার তাঁর ঘাতক হয়েছেন বাঁ-হাতি স্পিনাররা। শ্রীলঙ্কায় প্রথম টেস্টেও তারই পুনরাবৃত্তি ঘটেছে। নেটে তাই রবীন্দ্র জাদেজা, মানব সুথারের পাশাপাশি স্থানীয় কয়েকজন বাঁ-হাতি স্পিনারের বলে লম্বা সময় ব্যাট করলেন তিনি। ভারতের স্পিন কোচ সাইরাজ বাহুতুলের মতে, ‘গিল আসলে পিচের কন্ডিশন ও গতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কোন কোন শট খেলতে পারবে, সেটাও ঝালিয়ে নিচ্ছে। ডিফেন্সই বা কেমনভাবে করা উচিত, তা বুঝে নিচ্ছে। এমনিতে সব জায়গাতেই রান পেয়েছে ও। সহজাত প্রবৃত্তি অনুসারেই ব্যাট করে গিল।’

Advertisement

গল টেস্টের দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন ওপেনার যশস্বী জয়সওয়াল। সেই ইনিংসে কাট মারতে গিয়ে পিছনে ক্যাচ দেন বাঁ-হাতি ওপেনার। অতীতেও এভাবে আউট হয়েছেন তিনি। এদিন নেটে তাই আধ ঘণ্টা ধরে যশস্বীকে অফস্টাম্পের বাইরের লাইনে ক্রমাগত বল করলেন আকিব নবি, গুরনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণারা। জোরে বোলিং কোচ মর্নি মর্কেলও সেভাবেই পরীক্ষা নিলেন। যশস্বী কিন্তু ফাঁদে পা না দিয়ে বেশিরভাগ বলই ছেড়ে দিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ