নয়াদিল্লি: জুলাই মাসের ইংল্যান্ড সফরের ক্ষত এখনও সারেনি। টি-২০ এবং ওয়ান ডে সিরিজে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। পর্যান্ত প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই অক্টোবরে নিউজিল্যান্ড সফর নিয়ে সতর্ক ভারতীয় দল। অধিনায়ক শুভমান গিল আগেই জানিয়েছিলেন, প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। সেই দাবিকে মান্যতা দিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের আয়োজন করছে বিসিসিআই। ভারতীয় ‘এ’ দল খেলবে নিউজিল্যান্ড‘এ’ দলের বিরুদ্ধে। সেই ম্যাচে গিল, লোকেশ রাহুলদের মাঠে নামতে দেখা যাবে।
কিউয়িদের দেশে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে ভারত। প্রথমে টি-২০ সিরিজ। যেখানে রয়েছে পাঁচটি ম্যাচ। তারপর সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ। একেবারে শেষে টেস্ট সিরিজ হবে দুই ম্যাচের। লাল বলের ক্রিকেটকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যে ক্ষীণ আশা বেঁচে আছে, তা টিকিয়ে রাখার চ্যালেঞ্জ এই সিরিজে। নিউজিল্যান্ডে গিয়ে ভারত শেষবার টেস্ট খেলেছিল ছ’বছর আগে। সেবার লজ্জার হার সঙ্গী হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার গম্ভীর সজাগ। তিনি বিসিসিআইয়ের সঙ্গে মিটিংয়ে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে জোর দিয়েছিলেন। তাছাড়া নিউজিল্যান্ডের পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। সব মিলিয়ে জোর প্রস্তুতি নিয়েই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।



