ম্যাঞ্চেস্টার: মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বি জিতিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছিলেন কোচ রুবেন আমোরিম। কিন্তু পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার নিজেদের ডেরা, ওল্ড ট্রাফোর্ডে বোর্নমাউথের কাছে ০-৩ লজ্জার হার রেড ডেভিলসদের। জয়ী দলের তিন গোলদাতা যথাক্রমে ডিন হুইজসেন, জাস্টিন ক্লুইভার্ট ও অ্যান্টনি সেমেনিও। হারের পর ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে ১৩ নম্বরে ধুঁকছে আমোরিম-ব্রিগেড। আর বোর্নমাউথ উঠে এল পঞ্চম স্থানে (১৭ ম্যাচে ২৮ পয়েন্ট)।
Advertisement
দিনের অপর ম্যাচে ঘরের মাঠ গুডিনসন পার্কে চেলসিকে আটকে দিল এভার্টন। ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। তবে পয়েন্ট খুইয়েও টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে দ্য ব্লুজ (১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট)। শীর্ষে অবশ্য যথারীতি লিভারপুলই (১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট) রয়েছে। টটেনহ্যামকে ৬-৩ ব্যবধানে হারিয়ে তারা আরও মজবুত করেছে অবস্থান। লিভারপুলের হয়ে গোল করেন লুই ডিয়াজ(২), ম্যাক অ্যালিস্টার, ডোমিনিক, সালাহ(২)। টটেনহ্যামের গোলদাতা ম্যাডিসন, কুলুসেভস্কি, সোলানকে। শনিবার বড় জয় পেয়েছে আর্সেনালও। অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৫-১ ব্যবধানে দুরমুশ করেছে গানাররা। জোড়া গোলে নায়ক গ্যাব্রিয়াল হেসাস। স্কোরশিটে নাম তুলেছেন হাভার্ট, মার্তিনেল্লি ও ডেকলান। তৃতীয় স্থানে রয়েছে আর্তেতার দল (১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট)।



