Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

ঘাড়, কোমর, হাঁটু ব্যথা সারিয়ে ফেলুন অফিস গিয়ে!

অফিসে দীর্ঘক্ষণ একটানা বসে কাজ। দিনের পর দিন এই অভ্যাসের ফলে ঘাড়, কাঁধ, কোমর, পা বা হাঁটুর সমস্যা এখন প্রায় সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ঘাড়, কোমর, হাঁটু ব্যথা সারিয়ে ফেলুন অফিস গিয়ে!
  • ২৯ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

অফিসে বসেই ব্যায়াম করে ব্যথা তাড়ান। পরামর্শে বিশিষ্ট যোগ বিশারদ আশিস সেন

Advertisement

অফিসে দীর্ঘক্ষণ একটানা বসে কাজ। দিনের পর দিন এই অভ্যাসের ফলে ঘাড়, কাঁধ, কোমর, পা বা হাঁটুর সমস্যা এখন প্রায় সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে যদি এই সমস্যা চলতে থাকে, তাহলে তা স্থায়ী রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমান সময়ে অনেকেরই শরীরচর্চা করার সময়টুকুও নেই। তাই অফিসে কাজ করার ফাঁকেই এমন কিছু ব্যায়াম করা যেতে পারে, যাতে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। * ঘাড়ের ব্যথায় মুশকিল আসান—অফিসে কম্পিউটারের সামনে বসে কাজ করার সময় আমাদের ঘাড়ের উপর সবচেয়ে বেশি চাপ পড়ে। 
ঘাড়ের ব্যথা কমাতে চেয়ারে বসেই একটি ব্যায়াম করা যেতে পারে। প্রথমে ঘাড় সোজা করে বসুন। তারপর আস্তে আস্তে ডানদিকে ঘাড় ঘোরান। কয়েক সেকেন্ড সেই অবস্থায় থেকে এবার আস্তে আস্তে বাম দিকে ঘাড় ঘোরান। তাড়াহুড়ো করবেন না। এরকম তিন-চারবার করতে পারেন। এরপর ঘাড় পিছনের দিকে হেলিয়ে সিলিংয়ের দিকে তাকান, আবার সোজা তাকান। এটাও তিন থেকে চারবার করুন। তবে কখনই ঘাড় সামনের দিকে ঝোঁকাবেন না।
দ্বিতীয় পর্যায়ে ঘাড়কে প্রথমে আস্তে আস্তে একবার ডান কাঁধের উপর রাখুন। তারপর বাম কাঁধের উপর রাখুন। কয়েকবার এরকম করার পর ঘাড়কে কয়েকবার ঘড়ির কাঁটার দিকে, কয়েকবার ঘড়ির কাঁটার উল্টোদিকে ঘোরান। কখনই তাড়াহুড়ো করতে যাবেন না। এই ব্যায়ামগুলি করলে উপকার পাবেন। 
* হাঁটু ভালো রাখার ব্যায়াম—চেয়ারে সোজা হয়ে বসুন। পায়ের পাতার পুরোটা যেন মেঝের সঙ্গে ঠেকে থাকে। এবার ডান হাত বাম হাঁটুর উপর রাখুন। বাম হাত চেয়ারের পিছন দিয়ে নিয়ে যান। এবার আস্তে আস্তে শরীরের উপরের ভাগ বাম দিকে ঘোরান। এরপর একইভাবে বাম হাত ডান হাঁটুর উপর রাখুন। ডান হাত চেয়ারের পিছনে। এবার ডান দিকে ঘুরুন। চার থেকে পাঁচবার করুন।
* পায়ের স্বাস্থ্যরক্ষার ব্যায়াম—দীর্ঘক্ষণ চেয়ারে পা ঝুলিয়ে বসে থাকার ফলে অনেক সময় আমাদের পা ফুলে যায়। ঠিকমতো রক্ত সঞ্চালন না হওয়ার ফলেই এমনটা হয়ে থাকে। খুব সহজে এর থেকে রেহাই পাওয়া যেতে পারে। বসা অবস্থাতেই কিছুক্ষণ ছাড়া ছাড়া হাঁটু থেকে পাকে দোলান (ফুটবলে কিক মারার ভঙ্গিতে)। একবার ডান পা, একবার বাম পা- এইভাবে দোলান।
* সুস্থ রাখুন পায়ের পাতাও— দীর্ঘক্ষণ বসে থাকায় ফুলে যেতে পারে পায়ের পাতাও। সেইক্ষেত্রে পায়ের পাতাকে সংকোচন প্রসারণ করুন। সহজ কথায়, পায়ের পাতাকে একবার নিজের দিকে টানুন, তারপর উল্টোদিকে নীচের দিকে যতটা পারেন ছড়িয়ে দিন। এইভাবে কয়েকবার করলে রক্ত সঞ্চালন বাড়বে। 
* পিঠের সহজ ব্যায়াম—টানা বসে থাকার ফলে পিঠেও নানা সমস্যা দেখা দিতে পারে৷ এর মোকাবিলাও অফিসে বসে সহজ ব্যায়ামের সাহায্যে করা যেতে পারে। প্রথমে চেয়ারে দুই হাঁটুকে জুড়ে বসুন। হাঁটুর উপর হাত রাখুন। এবার আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকতে শুরু করুন। হাতও পা বরাবার নীচের দিকে নামবে। এর ফলে আমাদের পিঠ, কোমরের উপর চাপ পড়বে, একইসঙ্গে পেটের উপরেও চাপ পড়বে। এবার আস্তে আস্তে সোজা হন। এর ফলে পিঠের ব্যথাতেও যেমন আরাম মিলবে, পেটের মেদও কমবে।
* কেন ব্যবহার করবেন সিঁড়ি—এইসবের পাশাপাশি অফিসে রোজ লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। এতে কার্ডিয়াক এক্সারসাইজ হবে। হার্ট ভালো থাকবে। কাজের চাপে শরীরচর্চার যে অভাব হয়, অফিসেই তা এভাবে কিছুটা পূরণ করা যেতে পারে। তবে হাই ব্লাড প্রেশারের রোগীদের সিঁড়ি এড়িয়ে যাওয়াই উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ