নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ট্রেনে খাবারের সমস্যা, অপরিচ্ছন্ন শৌচাগার নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি স্টেশনে রবীন্দ্রসঙ্গীত শোনার ইচ্ছার কথাও জানাল নতুন প্রজন্ম। বৃহস্পতিবার হাওড়া স্টেশনে শহিদ এক্সপ্রেসের জেন-জি যাত্রীদের মুখোমুখি হয়ে তাঁদের কথা শুনলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর সহ রেলের পদস্থ কর্তারা। দেশজুড়ে জেন-জি বিক্ষোভের আবহে এই প্রজন্মের যাত্রীদের চাহিদা বুঝতে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেয় পূর্ব রেল। এদিন দুপুরে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৬ নম্বর প্ল্যাটফর্মে শহিদ এক্সপ্রেসের এসি ও জেনারেল কামরায় উঠে পড়েন জিএম নিজেই। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের সঙ্গেও কথা বলেন গীতিকা। যাত্রীদের একাংশ ট্রেনে খাবার ও শৌচাগার নিয়ে সমস্যার কথা জানান। পাশাপাশি, স্টেশনে পাবলিক অ্যানাউন্সমেন্টের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বাজানোর প্রস্তাব দেন তাঁরা। এই প্রস্তাবও গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে রেল। গীতিকা পাণ্ডে জানান, জেন-জিদের দাবিদাওয়াকে গুরুত্ব দিয়েই দেখছে পূর্ব রেল।



