Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

গাব্বায় বুমরাহর ৬ উইকেট, ফের ব্যর্থ টপ অর্ডার, হার বাঁচাতে বৃষ্টিই ভরসা টিম ইন্ডিয়ার

গাব্বায় বুমরাহর ৬ উইকেট, ফের ব্যর্থ টপ অর্ডার, হার বাঁচাতে বৃষ্টিই ভরসা টিম ইন্ডিয়ার
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ব্রিসবেন: বৃষ্টি কি পরিত্রাতা হতে পারবে গাব্বায়? বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। সোমবার খেপে খেপে বৃষ্টিতে বার আটেক বন্ধ হয়েছে ম্যাচ। সারা দিনে ৩৩.১ ওভারের বেশি খেলা হয়নি। তাতেই খাদের কিনারায় ভারত। ভাবতেও অবাক লাগে, এই দলের রথী-মহারথীরা দেশে বীর হিসেবে পূজিত হন! বিরাট-গিলরা যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চলেছেন, তা মোটেও ভারতীয় ক্রিকেটের পক্ষে ইতিবাচক বার্তা নয়। আসলে টি-২০’র চটকদারি মনোভাব পুরোপুরি গ্রাস করেছে গাভাসকর-শচীনের উত্তরসূরিদের। সত্যি বলতে কী, এই ব্রিগেডের অনেকেরই টেস্ট দলে জায়গা পাওয়ার কোনও যোগ্যতাই নেই। ফল ভুগছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৫১। আউট হয়েছেন চারজন। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি ও ঋষভ পন্থ ফিরে গিয়েছেন। ক্রিজে লোকেশ রাহুলের সঙ্গী রোহিত।
Advertisement
অস্ট্রেলিয়ার থেকে এখনও ৩৯৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ফলো-অন এড়ানোই মঙ্গলবার সকালে রোহিতদের প্রাথমিক লক্ষ্য। তার জন্য পৌঁছতে হবে ২৪৬ রানে। কিন্তু সিরিজের গত দুই টেস্টের প্রথম ইনিংসে দুশোর গণ্ডি টপকাতে পারেনি ভারত। পারথে উঠেছিল ১৫০। আর অ্যাডিলেডে গোলাপি টেস্টে ১৮০। যেভাবে তারকারা হামাগুড়ি খেয়েছেন, তাতে ব্রিসবেনেও সেই ধারা বদলের আশা ক্ষীণ। তাছাড়া রানটা করবেনই বা কে? রোহিতকে যথারীতি স্বচ্ছন্দ লাগছে না। তাঁর আউট হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। রবীন্দ্র জাদেজা সিরিজে প্রথমবার ব্যাট করতে নামবেন। আর নীতীশ রেড্ডি অবশ্যই নজরকাড়া প্রতিভা। কিন্তু চল্লিশের গণ্ডি ছাড়িয়ে যেতে পারেননি একবারও। রাহুলকে অবশ্য আত্মবিশ্বাসী দেখাচ্ছে। কিন্তু অন্যপ্রান্ত দিয়ে একটার পর একটা উইকেট পড়লে বড় পার্টনারশিপটা গড়বেন কার সঙ্গে? অগত্যা বৃষ্টিই ভরসা। পূর্বাভাস বলছে, মঙ্গলবারের খেলা অবিরাম বর্ষণে ভেস্তে যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সকালে ও দুপুরে। শুধু তাই নয়, বুধবারও থাকছে একইরকম পূর্বাভাস। বেকায়দায় পড়া ভারতীয় শিবিরের চোখ এখন আকাশে।
সোমবার অল্পবিস্তর ক্রিকেটেও ভারতীয় ব্যাটিংয়ের বেহাল দশা ধামাচাপা পড়েনি। ইনিংসের দ্বিতীয় বলেই অনে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুললেন যশস্বী। গিলও শিকার হলেন মিচেল স্টার্কের। অফস্টাম্পের বাইরের বলে তাঁর ক্যাচ ধরেন মিচেল মার্শ। আর কোহলি যথারীতি অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে দিলেন খোঁচা। চলতি সিরিজে এই ‘অ্যাকশন রিপ্লে’ ঘটেই চলেছে। পন্থও একইভাবে ফের শিকার হলেন প্যাট কামিন্সের। সকালে অস্ট্রেলিয়ার শেষ তিনটি উইকেট পড়েছিল ৪০ রানের মধ্যে। যশপ্রীত বুমরাহই প্রথম আঘাত হানলেন স্টার্ককে ফিরিয়ে। ম্যাচে তাঁর উইকেটসংখ্যা দাঁড়াল ৬। বাকি দুটো উইকেট জমা পড়ল মহম্মদ সিরাজ ও আকাশ দীপের ঝুলিতে।
স্কোরবোর্ড: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস (৪০৫-৭ এর পর)- কেরি ক গিল বো আকাশ ৭০, স্টার্ক ক পন্থ বো বুমরাহ ১৮, লিয়ঁ বো সিরাজ ২, হ্যাজলউড অপরাজিত ০, অতিরিক্ত ৩৫, মোট (১১৭.১ ওভার) ৪৪৫। উইকেট পতন: ৮-৪২৩, ৯-৪৪৫, ১০-৪৪৫। বোলিং: বুমরাহ ২৮-৯-৭৬-৬, সিরাজ ২৩.২-৫-৯৭-২, আকাশ ২৯.৫-৫-৯৫-১, নীতীশ ১৩-১-৬৫-১, জাদেজা ২৩-২-৯৫-০।
ভারত প্রথম ইনিংস: যশস্বী ক মার্শ বো স্টার্ক ৪, রাহুল ব্যাটিং ৩৩, গিল ক মার্শ বো স্টার্ক ১, কোহলি ক কেরি বো হ্যাজলউড ৩, পন্থ ক কেরি বো কামিন্স ৯, রোহিত ব্যাটিং ০, অতিরিক্ত ১, মোট (১৭ ওভার) ৫১-৪। উইকেট পতন: ১-৪, ২-৬, ৩-২২, ৪-৪৪। বোলিং: স্টার্ক ৮-১-২৫-২, হ্যাজলউড ৫-২-১৭-১, কামিন্স ২-০-৭-১, লিয়ঁ ১-০-১-০, হেড ১-০-১-০। 
সম্পর্কিত সংবাদ