Bartaman Logo
২৬ জুন, ২০২৬

টোল বুথে সজোরে ধাক্কা গ্যাসবাহী ট্যাঙ্কারের, ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের কৌশাম্বীতে টোল বুথে এলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় ৭ জন গুরুতর জখম। দমকল বাহিনী দ্রুত আগুন নেভাতে নামে। বিস্তারিত পড়ুন।

টোল বুথে সজোরে ধাক্কা গ্যাসবাহী ট্যাঙ্কারের, ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশে
  • ২৬ জুন, ২০২৬ ১১:৪৫
Prefer us on Google

লখনউ, ২৬ জুন: দাউদাউ করে জ্বলছে এলপিজিবাহী ট্যাঙ্কার। শুক্রবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের কৌশাম্বীর কোখরাজ এলাকা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি এলপিজি ট্যাঙ্কার টোল বুথে সজোরে ধাক্কা মারলে আচমকাই তাতে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন টোল প্লাজা কর্মী এবং একজন ট্রাক চালকসহ মোট সাতজন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কোখরাজ থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এলপিজি ট্যাঙ্কারটি। প্রথমে সেটি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে এবং তারপরেই ছিটকে গিয়ে সোজা একটি টোল বুথের ভেতর ঢুকে পড়ে। দুর্ঘটনার তীব্রতা এতছিল যে ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হতে শুরু করে। এবং মুহূর্তের মধ্যে তা থেকে একটি বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে, প্রায় দুই কিলোমিটার দূর থেকেও দাউদাউ করে জ্বলতে থাকা সেই আগুন দেখা যাচ্ছিল। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। জেলার পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ট্যাঙ্কারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার সমস্ত দমকল ইউনিট এবং স্থানীয় সিভিল পুলিশ কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল। আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর কোনো রকম ঝুঁকি না নিয়ে দীর্ঘক্ষণ এলাকাটি পর্যবেক্ষণে রাখেন দমকল কর্মীরা। এই দুর্ঘটনায় গুরুতর জখম হন চারজন টোল প্লাজা কর্মী অলোক সিং, হীরামণি, অতুল মিশ্র ও কৃষ্ণপাল মৌর্য এবং ওই ট্যাঙ্কারে উপস্থিত আরো এক চালক। তাঁদের প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁদের প্রয়াগরাজের একটি হাসপাতালে স্থানান্তরিত করেন। অন্য দিকে, সামান্য চোট পাওয়া বাকি দু'জন টোল কর্মীকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল এবং তাঁরা বিপদমুক্ত বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ