


সংবাদদাতা, কল্যাণী: গ্যাসের তীব্র সংকটের জেরে সমস্যায় পড়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেলে থাকা ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের মোট ন’টি হস্টেলে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী থাকেন। গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় হস্টেলগুলিতে রান্না ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হস্টেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে খাবারের পদ কমিয়ে দিয়েছেন। হস্টেল সূত্রে জানা গিয়েছে, সাধারণত প্রতিটি হস্টেলে তিন দিনে প্রায় দু’টি করে গ্যাস সিলিন্ডার লাগে। সেই হিসাব অনুযায়ী, নিয়মিত গ্যাস সরবরাহ না হলে রান্না চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে গ্যাসের জোগান কমে যাওয়ায় নির্ধারিত মেনুর অনেক খাবারই বাদ দেওয়া হচ্ছে। অসুবিধায় পড়েছেন হস্টেলে থাকা বহু ছাত্রছাত্রী। কিছু ছাত্রছাত্রী জানিয়েছেন, নিয়মিত খাবারের তালিকায় আগে ডাল, সবজি, ডিম বা মাছ থাকলেও এখন অনেক ক্ষেত্রে কমিয়ে দেওয়া চিন্তাভাবনা করছেন কর্তৃপক্ষ। হস্টেল কর্তৃপক্ষ বলেন, সরবরাহকারী সংস্থার সঙ্গে কথা বলে গ্যাসের পর্যাপ্ত ব্যবস্থা করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। গ্যাস সংকট শহর থেকে গ্রামাঞ্চলেও প্রভাব ফেলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেক জায়গায় রান্নার গ্যাস সহজে পাওয়া যাচ্ছে না। ফলে গ্ৰামের দিকে অনেক পরিবার কাঠের উনুনে রান্না শুরু করেছে। কল্যাণী ব্লকের এক বাসিন্দা বলেন, মিতালী দাস বলেন, আগে কাঠের জ্বালানি ব্যবহার করে সামান্য কিছু রান্না করতাম। এখন সব রান্নাই কাঠের জ্বালানিতে করছি। গ্যাস বাঁচাতে হবে।