নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নতুন মাইলফলক ‘শ্রুতি’। মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর জন্য এই শিপইয়ার্ডে নির্মিত দ্বিতীয় ‘নেক্সট জেনারেশন অফশোর পেট্রল ভেসেল’ বা পরবর্তী প্রজন্মের উপকূলীয় টহলদারি জাহাজ ‘শ্রুতি’র আনুষ্ঠানিক সূচনা হল। এর আগে চলতি বছর ২০ মে প্রথম পরবর্তী প্রজন্মের উপকূলীয় টহলদারি জাহাজ ‘সংঘমিত্রা’র সূচনা হয়। ভারতীয় নৌবাহিনীর এই ধরনের ১১টি যুদ্ধ জাহাজের মধ্যে গার্ডেনরিচ মোট চারটি জাহাজ নির্মাণ করছে। ‘শ্রুতি’ নামের এই নতুন যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক সূচনা করেন ভারতীয় নৌবাহিনীর ‘কন্ট্রোলার অব ওয়ারশিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাকুইজিশন’-এর ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর স্ত্রী মণিকা সাধু।



