প্রীতেশ বসু, কলকাতা: মনরেগা (১০০ দিনের কাজ) প্রকল্পের বদলে ১ জুলাই থেকে দেশজুড়ে ভিবি জি রাম জি (১২৫ দিনের কাজ) প্রকল্প চালু করেছে মোদি সরকার। একই সঙ্গে পূর্বতন প্রকল্পের জবকার্ডের বদলে উপভোক্তাদের হাতে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কিন্তু প্রকল্প চালু হয়ে যাওয়ার পর দেড় মাস কেটে গেলেও সেই কার্ড কেমন দেখতে হবে, ঠিক করতে পারেনি কেন্দ্র। চূড়ান্ত হয়নি কার্ডের ডিজাইন বা নকশা। ফলে আপাতত ভরসা রাখতে হচ্ছে অস্থায়ী (ইন্টারিম) গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডে। ১২৫ দিনের কাজ চালু হওয়ার পর নতুন করে নাম নথিভুক্ত হওয়া উপভোক্তাদেরই মূলত এই কার্ড দিচ্ছে রাজ্য। মনরেগা জবকার্ডের প্রথম পাতাতেই থাকত মহাত্মা গান্ধীর ছবিসহ প্রকল্পের লোগো। প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে। এবার কি তাহলে কার্ড থেকেও মহাত্মা গান্ধীর ছবি সরে গিয়ে আসবে প্রধামন্ত্রীর মুখ? তৈরি হবে নয়া বিতর্ক? জেন জি আন্দোলনের আবহে সেই বিতর্ক এড়াতেই কি কার্ডের নকশা প্রকাশ্যে আনতে দেরি করছে কেন্দ্র? রাজনৈতিক ও প্রশাসনিক মহলের অন্দরে এসব প্রশ্নে জল্পনা ক্রমশ বাড়ছে।



