Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাজ্যের ক্ষুদ্র শিল্পের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ হল অর্থ

ক্ষুদ্র শিল্পের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (সিডবি) সঙ্গে আগেই ‘মউ’ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার সিডবি ক্লাস্টার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে ক্ষুদ্র শিল্প উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হল।

রাজ্যের ক্ষুদ্র শিল্পের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ হল অর্থ
  • ২ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষুদ্র শিল্পের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (সিডবি) সঙ্গে আগেই ‘মউ’ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার সিডবি ক্লাস্টার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে ক্ষুদ্র শিল্প উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হল। চলতি অর্থবর্ষের প্রথম কিস্তি তথা আর্থিক বছরের মোট খরচের ২৫ শতাংশ টাকা দেওয়ার নির্দেশিকা জারি করল রাজ্য অর্থদপ্তর। মূলত রাজ্যের বিভিন্ন এলাকায় জমি ও মেশিন কেনার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে বলে খবর। ক্ষুদ্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে রাজ্যগুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে সিডবি। এই শিল্পে বর্তমানে দেশের মধ্যে এক নম্বর জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। প্রায় এক কোটি ক্ষুদ্র শিল্পের ইউনিট রয়েছে এ রাজ্যে। তবে এখানেই থেমে থাকতে চায় না রাজ্য। হ্যান্ডলুম, পাওয়ারলুম, চর্মজাত পণ্য উৎপাদন, লেদ ইন্ডাস্ট্রি, বাজি শিল্প থেকে শুরু করে হস্তশিল্প—সমস্ত ক্ষেত্রেই ক্লাস্টার তৈরি করা হচ্ছে রাজ্যে। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজের গুণমান বৃদ্ধির ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। এক আধিকারিক জানিয়েছেন, একটি ক্লাস্টারের মাধ্যমে নির্দিষ্ট একটি শিল্পের সঙ্গে জড়িত শতাধিক মানুষকে উন্নত প্রযুক্তির সুবিধা প্রদান করা সম্ভব হয়। তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করার প্রশিক্ষণও আরও ভালোভাবে দেওয়া যায়। ফলে এই অর্থ বরাদ্দ সার্বিকভাবে কাজে গতি আনবে বলে আশা করা যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ