নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার রাতেই রাজ্যে পা রাখছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। থাকছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশি। আগামী সোম এবং মঙ্গলবার শহরে তাঁদের ঠাসা কর্মসূচি রয়েছে। কমিশনের ফুল বেঞ্চের সূচি অনুযায়ী, আগামী রবিবার ৮ মার্চ রাতে কলকাতায় আসার পরদিন সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁদের বৈঠক হবে। বেলা পৌনে ১টা নাগাদ রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল কমিশনের ফুল বেঞ্চের সামনে বক্তব্য রাখবেন। কমিশনের প্রতিনিধিরা বলবেন তারপর। ওইদিনই বেলা সওয়া ১টা থেকে কেন্দ্র ও রাজ্যের আইনশৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে কমিশন। থাকবেন মোট ২৪টি সংস্থার প্রধান। ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক হবে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও। বিকেল পর্যন্ত এই বৈঠক চলবে। মঙ্গলবারও কমিশনের ফুল বেঞ্চের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে এবং প্রশাসনের অন্য সিনিয়র আধিকারিকেরা মঙ্গলবারের বৈঠকে থাকবেন। বেলা সাড়ে ১২টা থেকে বুথ স্তরের আধিকারিক এবং বিএলওদের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। তরপরই সাংবাদিক বৈঠক সেরে দিল্লি রওনা দেবেন কমিশনের সদস্যরা।



