পুজোর থিমে কেদারনাথ থেকে আদি যোগী, কোথাও  ফুটে উঠছে সন্তানের জন্য একাকী মা-বাবার অপেক্ষা
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কোথাও কেদারনাথের পাহাড়ি পথে মন্দির দর্শনের হাতছানি, কোথাও ৮০ ফুটের আদি যোগী। আবার কোথাও ভিন রাজ্য বা বিদেশে কর্মরত সন্তানদের জন্য একাকী মা-বাবার অপেক্ষা। সামাজিক অন্ধকার থেকে মুক্তির বার্তা কিংবা কর্মফল দেবীর চরণে সমর্পণের ভাবনাও উঠে আসছে দুর্গাপুজোর মণ্ডপে। পাঁচটি পৃথক ভাবনায় দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত হাওড়ার সহযাত্রী, শানপুর বারোয়ারি, টর্পেডো, উত্তর খুরুট বারোয়ারি ও ব্যাটরা নবীন সংঘ। মণ্ডপসজ্জার পাশাপাশি প্রতিটি পুজোতেই রয়েছে আলাদা বার্তা।

Advertisement

মধ্য হাওড়া সহযাত্রীর পুজো এবার ৭৬ তম বর্ষে। ‘পাহাড়ি পথে কেদারনাথ’ থিমে সিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে এক টুকরো উত্তরাখণ্ড। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপে পৌঁছাতে দর্শনার্থীদের পেরতে হবে পাহাড়ি পরিবেশে আঁকাবাঁকা পথ। পুজো কমিটির সম্পাদক শিবশঙ্কর সাধুখাঁ বলেন, কেদারনাথ দর্শনে এবার দর্শনার্থীদের ভিড় উপচে পড়ার সম্ভাবনা রয়েছে। ভিড়ের কারণে যাতে কোনো বিপত্তি না ঘটে, তার জন্য হাওড়া সিটি পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হবে। বাজেট প্রায় ২৬ লক্ষ টাকা।শানপুর বারোয়ারির ৬৬ তম বর্ষের ভাবনা ‘আদি যোগী’। কর্ণাটকের চিক্কাবল্লাপুরে অবস্থিত আদি যোগীর মূর্তির আদলে তৈরি হয়েছে প্রায় ৮০ ফুটের প্রতিরূপ। থাকছে লেজার শো। ৩০ মিটার দূর থেকে আলোর সাহায্যে মূর্তির নানা কারুকার্য দেখতে পাবেন দর্শনার্থীরা। পুজো কমিটির সম্পাদক তরুণ কোলে বলেন, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল মণ্ডপে দেবী দুর্গার সঙ্গে মহাদেবও অধিষ্ঠান করবেন। বাজেট প্রায় ১০ লক্ষ টাকা।
মন্দিরতলায় বিনোদ বিহারী হালদার লেনে টর্পেডোর ৬০ তম বর্ষের থিম ‘ঐকল্য’। জীবিকার তাগিদে সন্তানদের দূরে চলে যাওয়া এবং পুজোর সময় তাঁদের ফেরার অপেক্ষায় মা-বাবার দিন গোনার ছবি ফুটে উঠবে মণ্ডপে। ছেঁড়া টেলিফোনের তার, সাদা-কালো কাচ, সন্তানের ছোটোবেলার পোশাক ও সাইকেলের মতো প্রতীকী উপকরণে তুলে ধরা হবে একাকীত্বের যন্ত্রণা। পুজো কমিটির সদস্য দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, সন্তান ফিরবে না জেনেও মা-বাবার অপেক্ষা থামে না। বাজেট প্রায় ৯ লক্ষ টাকা।
উত্তর খুরুট বারোয়ারির ৮৭তম বর্ষের থিম ‘পরিত্রাণ’। সামাজিক অন্ধকার, কুসংস্কার এবং ধর্ম-রাজনীতির নামে বিভাজন থেকে মুক্তির বার্তা দিচ্ছে মণ্ডপ। প্রবেশপথে রয়েছে বিশাল হাঁড়িকাঠ ও প্রতীকী মহিষের মুখ। অভিষেক সাধুখাঁ বলেন, জরা-ব্যাধি থেকে মুক্তির আশায় মানত করে বটগাছে ঢিল বাঁধার বিষয়টিও প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।অন্যদিকে, ব্যাটরা নবীন সংঘের ৬৫ তম বর্ষের থিম ‘সমর্পণ’। কর্ম না করলে ভাগ্য সহায় হয় না, তেমনই নিজের কর্মফল দেবীর কাছে সমর্পণ না করলেও সুফল পাওয়া যায় না। জীবনের এই অমোঘ সত্যকেই থিমের মাধ্যমে তুলে ধরছে পুজো কমিটি।  নিজস্ব চিত্র