ক্যাফে কর্নার, কলেজ ফেস্ট, দেশের মনীষীদের চিন্তার বিস্তার, বর্ধিত অধিবেশনের পর ক্যাম্পাসে নিজেদের খোলনলচে বদলাচ্ছে এসএফআই!
  • ২২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোহম কর, কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। দিন কয়েক আগেই কোচবিহারে এসএফআই এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হয়ে গেল। খবর, সেখানেই নতুনভাবে নতুন আঙ্গিকে কলেজ পড়ুয়াদের কাছে পৌঁছে যাওয়ার কথা আলোচনা করেছেন নেতৃত্বরা। বলা হয়েছে, নতুন পড়ুয়াদের সঙ্গে আগে ‘বন্ধুত্ব‘ করতে হবে। তারপর রাজনীতির কথা বলা যাবে। 

Advertisement

বর্ধিত অধিবেশনে উপস্থিত ছিলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য। এছাড়াও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী তাঁর অভিমত জানিয়েছেন। নতুন সরকার আসার পর দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে থাকা ক্যাম্পাসের নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূল এখন আর নেই। সেই জায়গা নিচ্ছে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। প্রায়ই এবিভিপির সঙ্গে বামেদের সংঘর্ষের খবর আসছে। কিন্তু নতুন পড়ুয়াদের কাছে কারা কীভাবে আগে পৌঁছতে পারবে? সেই পথ নিয়েই আলোচনা হয়েছে বর্ধিত অধিবেশনে। এই নতুন পড়ুয়াদের কাছে পৌঁছানো যায় কীভাবে? সূত্রের খবর, কলেজে কলেজে গতানুগতিক ইউনিয়ন রুম ছেড়ে ক্যাফে কর্নার করবে এসএফআই। সেখানে শুধুই চে গুয়েভারা বা ফিদেল কাস্ত্রো নয়। এই দেশের এই বাংলার প্রগতিশীল চিন্তা নায়ক, দেশনায়কের কথা বলা হবে। এক নেতৃত্বের কথায়, প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে আমরা পড়ুয়াদের কাছে পৌঁছতে চাইছি। তারপর কলেজে কলেজে ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজেপি - আরএসএস মিলে পড়ুয়াদের মধ্যে যে বৌদ্ধিক পরিবর্তন করতে চাইছে, সবার আগে তার মোকাবিলা করতে চাইছে এসএফআই। রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলছিলেন, ‘বিজেপি-আরএসএস এর বিরুদ্ধে রাস্তার রাজনীতি যেমন চলছে তেমনই ক্যাম্পাসে রাজনীতি চালাবে এসএফআই। প্রাচ্য ও পাশচাত্যের মনীষীদের মেলবন্ধনে, প্রগতিশীল মানুষদের চিন্তার কথা পড়ুয়াদের কাছে তুলে ধরা হবে।‘

বর্তমান পরিস্থিতিতে বাম নেতারা মনে করছেন, তরুণ বয়সীদের মধ্যে বিজেপি বিরোধী মনোভাব রয়েছে। সেই মনোভাবকে বাম পরিমণ্ডলের মধ্যে কীভাবে নিয়ে আসা যায়, সেই চিন্তাই রয়েছে তাঁদের। সে কথা মাথায় রেখেই ক্যাম্পাসে রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ও রাজ্য সভাপতি প্রণয়ের নেতৃত্বে ‘এসএফআই ২.০‘ নিয়ে আসতে বদ্ধ পরিকর সিপিএমের এই ছাত্র সংগঠন।