Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

রান্নার গ্যাসের বুকিং নিয়ে ফের সমস্যা

যুদ্ধের আবহে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর থেকেই রান্নার গ্যাস নিয়ে নানা নিয়ন্ত্রণ জারি করেছে কেন্দ্রীয় সরকার।

রান্নার গ্যাসের বুকিং নিয়ে ফের সমস্যা
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুদ্ধের আবহে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর থেকেই রান্নার গ্যাস নিয়ে নানা নিয়ন্ত্রণ জারি করেছে কেন্দ্রীয় সরকার। গৃহস্থের গ্যাস ডেলিভারির পর শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন করে বুকিং করা যাচ্ছে না। এরই মধ্যে ফের গ্যাস বুকিং নিয়ে সমস্যায় পড়েছেন গ্রাহকদের একাংশ। ২৫ বা ৪৫ দিনের সময়সীমা পার করার পরও তাঁরা মিসড কল বা আইভিআরএসের মাধ্যমে বুকিং করতে পারছেন না, এমনই অভিযোগ। ভুক্তভোগীদের বক্তব্য, এতদিন ধরে মোবাইল ফোন মারফত বুকিং করলে, সেটি যে যথাযথভাবে সম্পন্ন হয়েছে, তা একটি এসএমএসের মাধ্যমে জানা যেত। এখন যেমন সেই এসএমএস আসছে না, তেমনই বুকিংও হচ্ছে না। এসএমএসে শুধু জানানো হচ্ছে, আগামী চার ঘণ্টার মধ্যে জানানো হবে বুকিংয়ের ব্যাপারে। কিন্তু চার ঘণ্টা কেটে গেলেও, বুকিং সংক্রান্ত কোনো এসএমএস পাচ্ছেন না তাঁরা।

Advertisement

সমস্যা যে হচ্ছে, তা স্বীকার করছেন ডিস্ট্রিবিউটররাও। তাঁদের কথায়, ই-কেওয়াইসি সংক্রান্ত বিষয়ে বহু গ্রাহক তাঁদের কাছে আসছেন। এরই সঙ্গে গ্রাহকের নাম পরিবর্তন করতেও গ্যাস অফিসে আসছেন অনেকেই।  সিংহভাগ ক্ষেত্রেই মৃত গ্রাহকের নামে গ্যাস সংযোগ দেওয়া ছিল। সেই কারণে ই-কেওয়াইসি না-হওয়ায়, সেই নাম পরিবর্তনের চাপ বাড়ছে। এর ফলে প্রায় প্রতিটি ডিস্ট্রিবিউটরশিপেই সকাল থেকে মানুষের ভিড় বাড়ছে। এরই মধ্যে গ্রাহকদের একাংশ এসে নালিশ জানিয়ে যাচ্ছেন, তাঁদের গ্যাস বুকিং হচ্ছে না। এতে ডিস্ট্রিবিউটরের কিছু করার নেই, এই মন্তব্যে চিঁড়ে ভিজছে না। ডিস্ট্রিবিউটররা বলছেন, সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার সফটওয়্যার সংক্রান্ত গোলযোগই এর কারণ। কিন্তু গ্রাহকরা এসব শুনতে নারাজ। তাঁরা ডিস্ট্রিবিউটরকেই ‘ম্যানুয়াল বুকিং’-এর জন্য চাপ দিচ্ছেন। অথচ তেল সংস্থাগুলি কঠোরভাবে নির্দেশ দিয়েছে, গ্রাহককেই বুকিং করতে হবে। ডিস্ট্রিবিউটর কোনো গ্রাহকের হয়ে বুকিং করে দেবেন না। পাছে রান্নার গ্যাস নিয়ে কোনো কালোবাজারি হয়, তার জন্যই এই সিদ্ধান্ত। তাহলে উপায় কী? উপায় যে সত্যিই তেমন নেই, তা মানছেন ডিস্ট্রিবিউটররা। ফলে আপাতত সমস্যা থেকে নিষ্কৃতি নেই গ্রাহকদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ