নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে সব বেসরকারি হাসপাতাল তৈরির সময় সরকারের কাছ থেকে ১ টাকায় জমি পেয়েছে, তাদের ১৫ শতাংশ বেডে বিনা পয়সায় গরিব রোগীদের চিকিৎসা করতে হবে। বুধবার প্রশাসনিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, শুধুমাত্র চুক্তির শর্ত হিসাবেই নয়, ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) ২০১৭ অনুযায়ী সরকারি সুবিধাপ্রাপ্ত বেসরকারি হাসপাতালগুলি এই সুবিধা দিতে বাধ্য। রাজ্যের কোন কোন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম তৈরির সময় সরকারের কাছ থেকে জমি ও অন্যান্য সুযোগ পেয়েছে, তার খোঁজ শুরু করে রাজ্য। এ নিয়ে হাসপাতাল ও নার্সিংহোমগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যভবন। সূত্রের খবর, বাম জমানায় ৪৫টি বেসরকারি হাসপাতাল সরকারের কাছ থেকে জমি ও নানা সুবিধা পেয়েছিল। ২০২০-’২১ সালে আরটিআইয়ের জবাবে একথা জানিয়েছিল তৎকালীন সরকার। জানা যায়, এর মধ্যে ১৭টি হাসপাতালের চুক্তিপত্রের ফাইল নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ২০২২ সালে এব্যাপারে পদক্ষেপ করতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তার প্রেক্ষিতেই এই নির্দেশ।



