


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অফিস যাওয়ার পথে নিউটাউনে বাসের মধ্যে ফোন হারিয়েছিলেন এক যুবক। সেই ফোনে ছিল মোবাইল ব্যাঙ্কিংয়ের পিন নম্বর। সেটি পাল্টে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। এমনকী, তাঁর ই-কর্মাস থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারকরা একটি দামী আইফোনও কিনেছে। সেটির দাম দেড় লক্ষ টাকা! সব মিলিয়ে তিন লক্ষ টাকার বেশি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন ওই যুবক। এই ব্যাপারে বুধবার তিনি নিউটাউনের টেকনো সিটি থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতারিত যুবকের বাড়ি লেকটাউন এলাকায়। গত ২৪ জুন তিনি বাসে নিউটাউনের ইকোস্পেস এলাকায় অফিসে যাচ্ছিলেন। বাসের মধ্যেই তিনি তাঁর ফোনটি হারিয়ে ফেলেন। ওইদিনই তিনি পুলিসে জিডি করেন। ওই ফোনটি প্রতারকরা পেয়ে যায়। প্রতারকরাই চুরি করেছিল কি না তা স্পষ্ট নয়। ওইদিনই প্রতারকরা ফোনের জি-মেল অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করে। ‘গুগল পাসকি’ ব্যবহার করে প্রতারকরা জি মেলের পাসওয়ার্ড বদলে ফেলে। দ্বিতীয় পর্যায়ে প্রতারকরা ফোনে থাকা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপকে টার্গেট করে। ওই ব্যক্তি একটি বেসরকারি ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করতেন। তাতে ছয় ডিজিটের পিন ছিল। গত ২৬ জুন প্রতারকরা সেই পিন বদল করে তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৫১ হাজার ৬৪২ টাকা তুলে নেয়! এখানেই শেষ নয়, সবার ফোনেই এখন ই-কমার্স অ্যাকাউন্ট থাকে। সেখান থেকে তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারকরা ১ লক্ষ ৫১ হাজার ৯৭৯ টাকার একটি দামি আইফোনও কিনেছে। আইফোনটি ডেলিভারি করার জন্য বরানগরের একটি ঠিকানা দিয়েছিল প্রতারকরা। ওই ঠিকানা পুলিসের হাতে এসেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খোঁজ চলছে প্রতারকদের।