Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে পুলিস-আর্মি অফিসারদের নাম ব্যবহার করে প্রতারণা, উদ্বেগ

ঝাড়গ্রামে পুলিস-আর্মি অফিসারদের নাম ব্যবহার করে প্রতারণা, উদ্বেগ
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মোবাইল বিক্রির টোপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। অবসর নিতে যাওয়া আর্মি ও পুলিস অফিসারদের ছবি ও নাম ব্যবহার করা হচ্ছে। প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন ঝাড়গ্রাম জেলার মানুষ। ঝাড়গ্রাম সাইবার থানায় এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। পুলিস ও সেনা মহলে হুলস্থুল পড়ে গিয়েছে। ঝাড়গ্রাম সাইবার দপ্তরের আধিকারিক সব্যসাচী ঘোষ বলেন, অন্যদের নাম ও ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা আগেও হয়েছে। সাইবার প্রতারকরা এবার অবসর নিতে যাওয়া আর্মি ও পুলিস অফিসারদের নাম ও ছবি ব্যবহার করছে। গত ছয়মাসে আমাদের কাছে এমন ১৫টি অভিযোগ জমা পড়েছে। নাম ব্যবহার হওয়া আর্মি ও পুলিস অফিসাররাও বিষয়টি নিয়ে আমাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পুরনো বাইক, টিভি, ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কেনাবেচার বাজার ক্রমাগত বাড়ছে। সাইবার প্রতারকরা এবার আর্মি ও পুলিস অফিসারদের নামও ব্যবহার করে প্রতারণা করছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতেই নতুন এই কায়দা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কিছুদিনের মধ্যে অবসর নিচ্ছি। জেলার বাসিন্দা নই। জেলা ছেড়ে  যাওয়ার আগে পুরনো ল্যাপটপ ও মোবাইল অল্প দামে বিক্রি করতে চাই। হোম ডেলিভারির ব্যবস্থা আছে। অনেকেই ভালো করে যাচাই না করে সেই ফাঁদে পা দিচ্ছেন। অগ্ৰিম বুকিং হিসেবে কিছু টাকা নেওয়া হচ্ছে। সেই টাকা দেওয়ার পর নতুন করতে বাড়তি টাকা চাওয়া হচ্ছে। এরপরেই অনেকে প্রতারিত হবার হওয়ার পর বিষয়টি বুঝতে পারছেন। ঝাড়গ্রাম সাইবার থানায় একাধিক অভিযোগ জমা পড়তেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। নাম ব্যবহৃত হওয়া আর্মি ও পুলিস মহলের তরফ থেকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জেলার সাইবার দপ্তরের এক আধিকারিক বলেন, বিশ্বাসযোগ্যতা বাড়াতেই অবসর নিতে যাওয়া আর্মি ও পুলিস অফিসারদের নাম ব্যবহার করা হচ্ছে। আর্মি ও পুলিস অফিসারদের নাম দেখে অনেকেই সহজে ফাঁদে পা দিচ্ছেন। ভালো করে খোঁজখবর করছেন না। বিক্রেতার সঙ্গে সামনা সামনি দেখা না করেই আগাম টাকা দিয়ে দিচ্ছেন। যার জেরে জেলায় এই ধরনের প্রতারণার ঘটনা বাড়ছে। ঝাড়গ্রাম শহরের রাধানগর এলাকার এক বাসিন্দা বলেন, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে আগেও পুরনো মোবাইল কিনেছি। একমাস আগে একটি বিজ্ঞাপন দেখে মোবাইল কেনার জন্য অগ্ৰিম বুকিং হিসেবে টাকা দিই। হোম ডেলিভারি করা হবে বলে জানানো হয়েছিল। আর্মি ও পুলিস অফিসারের ছবি ও নাম থাকায় সন্দেহ হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল পাওয়ার জন্য বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে ফোন করি। ফোন ধরেও। বলা হয় ক্যারিং চার্জের জন্য বাড়তি টাকা লাগবে। সেই টাকাও দিই। কিছুদিন পরে মোবাইল হাতে না পাওয়ায় প্রতারিত হয়েছি বুঝতে পেরে ঝাড়গ্রাম সাইবার বিভাগে লিখিত অভিযোগ করি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ