প্যারিস: সরকারের বিরুদ্ধে বাজেটে বরাদ্দ ছাঁটাইয়ের অভিযোগ। কম শিক্ষক, অতিরিক্ত পড়ুয়া, স্কুল ও ক্লাসের বেহাল দশা। একাধিক ইস্যুতে গত কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজপথ। প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা। অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের উপর হামলার অভিযোগে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবারও ছবিটা বদলায়নি। প্যারিস থেকে একাধিক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। তাই দ্বিতীয় সপ্তাহেও স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই। ফ্রান্সের শিক্ষামন্ত্রী এডওয়ার্ড জেফ্রে জানিয়েছেন, সোমবারও চারশো থেকে পাঁচশো হাইস্কুল বন্ধ থাকছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনায় ২৪টি স্কুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাদপ্তরের ৭৮ জন কর্মী গুরুতর জখম। গত সোমবার থেকে দেশজুড়ে ৫ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। এমনকী সোমবারও উত্তর ফ্রান্সের লিলেতে সংঘর্ষে জড়িয়েছে পড়ুয়া ও পুলিশ। দ্রুত শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন সরকারের মুখপাত্র ব্রেগন। -পড়ুয়াদের বিক্ষোভ ।



