Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

তিকি-তাকায় বিধ্বস্ত ফ্রান্স, দুরন্ত স্পেন ফাইনালে

ফুটবল বিশ্বকাপে ফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে পরাজিত করল। গুরুত্বপূর্ণ জয়, ইতিহাসের পুনরাবৃত্তি। বিস্তারিত পড়ুন।

তিকি-তাকায় বিধ্বস্ত ফ্রান্স, দুরন্ত স্পেন ফাইনালে
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্রান্স-০              :               স্পেন-২

Advertisement

ডালাস: ডালাসের ক্যানভাসে পাসিং ফুটবলের আলপনা আঁকলেন লামিনে ইয়ামালরা। তিকি-তাকায় বিদ্ধ দুর্জয় ফ্রান্স। দিদিয়ের দেশঁ ব্রিগেডকে ২-০ গোলে বশ মানিয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেন। ২০১০ সালের পর ফের বিশ্বজয়ের স্বপ্নে বিভোর স্প্যানিশ আর্মাডা। প্রথমার্ধে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধে দুরন্ত লক্ষ্যভেদ পেড্রো পোরোর। গোটা ম্যাচে রীতিমতো দাপট দেখিয়েছে ফুয়েন্তে ব্রিগেড। পাসের ফুলঝুরিতেই বিধ্বস্ত ওলিসে, ডেম্বেলেরা। চোখের জলে মাঠ ছাড়লেন ডুয়ে-ডেম্বেলেরা।
১৪ জুলাই ফরাসিদের বড় আদরের। ২৩৭ বছর আগে এই দিনেই বাস্তিল দুর্গের পতন। প্যারিসের বুক থেকে স্বৈরাচারী রাজতন্ত্রের চিরবিদায়। এদিনও প্যারিসের আকাশে আতসবাজির মায়াজাল। শ্যেন, রাইনের নীল জলে সুসজ্জিত বজরার সারি। ডালাসে এমবাপেদের দুরন্ত জয় তাতে সোনার কাঠি ছোঁয়াতে পারত। তবে এদিন ফরাসি ফুটবলের দুর্গ পতনের গল্প লেখা হল। কে বলবে এতদিন এই দলকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরেছিলেন অনেকেই। তবে লুই ডে লা ফুয়েন্তে অন্যরকম ভেবেছিলেন। দেশঁ বুনো ওল হলে ফুয়েন্তে বাঘা তেতুঁল। ফুয়েন্তের ফেভারিট ৪-১-২-৩ স্ট্র্যাটেজি। এমবাপের দৌড় বন্ধ করার পাশাপাশি ওলিসেকেও কড়া নজরে রাখল স্পেন। মাঝমাঠে প্লে-মেকার ওলিসে একেবারেই ফ্যাকাসে। ঢেউয়ের মতো আক্রমণ এদিন উধাও। মাঝমাঠে রড্রি, ওলমো, রুইজের ত্রিভুজে হাঁসফাঁস করলেন ডেম্বেলেরা। ম্যাচের ১১ মিনিটে ড্যানি ওলমোকে ফাউল করেন র‌্যাবিয়ট। তবে বায়েনার ফ্রি-কিক মানব প্রাচীরে ধাক্কা খায়। এর ন’মিনিট পরেই ফরাসি দুর্গে ফাটল ধরাল ফুয়েন্তে ব্রিগেড। এক্ষেত্রে ইয়ামালকে রুখতে গিয়ে বড়ো ভুল লুকাস ডিগনের। আগুয়ান স্প্যানিশ তারকাকে খেয়াল করেননি তিনি। নিজেদের বক্সে ফাউলের মাশুল পেনাল্টি। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি ওয়ারজাবালের (১-০)। চলতি বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম গোল। প্রশংসা করতে হবে লামিনে ইয়ামালেরও। ফরাসি লেফট ব্যাক ডিগনেকে রীতিমতো মাটি ধরালেন তিনি। এমবাপে-ইয়ামাল দ্বৈরথেও শেষ হাসি স্প্যানিশ তরুণের। 
দ্বিতীয়ার্ধে ডুয়েকে নামিয়ে অল-আউট আক্রমণে চলে এলেন দেশঁ। কিন্তু লাভ হয়নি। সমতা ফেরানোর বদলে দ্বিতীয় গোল হজম করে 
ফ্রান্স। ওলমোর পাস ধরে নিখুঁত প্লেসিংয়ে জাল কাঁপান পেড্রো পোরো (২-০)। প্রেসিং ফুটবলের চোখরাঙানি উড়িয়ে পাসিং ফুটবলের জয়গান গাইলেন ইয়ামালরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ