প্যারিস: ২০১৮ সালে চ্যাম্পিয়ন। বছর চারেক বাদে ফাইনালে টাই-ব্রেকারে হার। গত দু’টি বিশ্বকাপের আসরে সবচেয়ে ধারাবাহিক দল ফ্রান্স। আসন্ন কাপযুদ্ধেও অন্যতম ফেভারিট দিদিয়ের দেশঁ ব্রিগেড। তাই খেতাব জয়ের লক্ষ্যে শক্তিশালী দল নিয়েই আমেরিকার বিমানে চাপবে ফরাসি ব্রিগেড। সেই লক্ষ্যে শুক্রবার ২৬ জনের শক্তিশালী স্কোয়াড বেছে নিলেন ফ্রান্স কোচ। দলের আপফ্রন্টে তারকা ফুটবলারের ছড়াছড়ি। ওসুমানে ডেম্বেলে, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম, ডেসিরে দুয়েরা ক্লাব ফুটবলে দারুণ ছন্দে। দেশের জার্সিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য তাঁদের। তবে দলের সেরা অস্ত্র তথা অধিনায়ক কিলিয়ান এমবাপের ফর্ম কিছুটা হলেও উদ্বেগে রাখবে ফ্রান্স শিবিরকে। বিশেষত গত দেড় মাসের বেশি সময় চোটের কারণে বারবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তাই বিশ্বকাপের আগে পুরো সুস্থ হয়ে ওঠাই লক্ষ্য ফরাসি তারকার।



